বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কয়েক মাস আগেই শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নেমেছিলেন রোহিত যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেও খেলার কথা ছিল এই লেগস্পিনারের। তবে বয়সসংক্রান্ত নথিতে অসঙ্গতি ধরা পড়ায় হঠাৎই থেমে গেল তার ক্রিকেটযাত্রা।
বয়স নিয়ে জালিয়াতির অভিযোগে রোহিতকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন রোহিত। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি লঙ্গার ভার্সনের ম্যাচ খেলার সূচি ছিল ভারতের। কিন্তু সেই সিরিজের আগেই দল থেকে বাদ পড়েছেন তিনি।
সিএবি আয়োজিত মৌসুম শুরুর আগের খেলোয়াড়দের নথিপত্র যাচাইয়ের সময় রোহিতের বয়স নিয়ে অসঙ্গতিটি সামনে আসে। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলার হয়ে খেলা এই ক্রিকেটারের নথিতে প্রায় ২৭ মাসের ব্যবধান পাওয়া গেছে বলে জানিয়েছে সিএবি।
অভিযোগের পর রোহিতের ওপর আরোপ করা দুই বছরের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পাশাপাশি বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকেও এ বিষয়ে অবহিত করেছে সিএবি।
তবে বয়সসংক্রান্ত অনিয়মের অভিযোগে শুধু রোহিতই শাস্তি পাননি। একই ধরনের অসঙ্গতির কারণে আরও ৬৪ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে বাংলার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এই তালিকায় আছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমারও। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন বাঁহাতি এই পেসার।
একই বছরে বাংলার সিনিয়র দলে অভিষেক হয় রবি কুমারের। তবে ২০২৩ সালের পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি তাকে।
বয়সের গরমিলের কারণে তার অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটের সব রেকর্ড বাতিল হিসেবে গণ্য হবে। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, রবি কুমারের বয়সসংক্রান্ত অসঙ্গতির পরিমাণ ৪০ মাসেরও বেশি।

-6a9b81943c65d.jpg)