|
ফলো করুন |
|
|---|---|
আর্থিকভাবে আরও শক্ত অবস্থানে যেতে নতুন একটি বড় স্পনসরশিপ চুক্তির পথে এগোচ্ছে বার্সেলোনা। সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট কোম্পানি ওহানা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন এলএলসির সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব করতে যাচ্ছে স্পেনের ক্লাবটি।
মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর বার্সেলোনার সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রস্তাবিত চুক্তিটি অনুমোদনের জন্য ভোট হওয়ার কথা রয়েছে। সদস্যদের অনুমোদন মিললে সংযুক্ত আরব আমিরাতে একটি বিলাসবহুল আবাসন প্রকল্পে বার্সেলোনার ব্র্যান্ড ব্যবহারের অধিকার পাবে ওহানা। চুক্তিটির মেয়াদ ২৫ বছরেরও বেশি হতে পারে।
চুক্তির আর্থিক মূল্যও উল্লেখযোগ্য। এরই মধ্যে অগ্রিম হিসেবে বার্সেলোনা পেয়েছে ২০ থেকে ৩০ লাখ ইউরো। বাকি অর্থের বড় অংশ আগামী তিন অর্থবছরে পরিশোধ করা হবে। প্রতি বছর ক্লাবের আয় হবে প্রায় ১০ মিলিয়ন ইউরো।
চুক্তি কার্যকর হলে ২০২৭ সাল থেকে বার্সেলোনার জার্সির পেছনে দেখা যাবে ওহানার লোগো। তবে তিন মৌসুমের জন্যই জার্সিতে এই লোগো ব্যবহারের কথা রয়েছে এবং তা শুধু ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচে প্রযোজ্য হবে।
অন্যদিকে চ্যাম্পিয়নস লিগসহ ইউরোপীয় প্রতিযোগিতায় বার্সেলোনার জার্সিতে আগের মতোই থাকবে ফুন্দাসিও বার্সার লোগো। ফলে একই সময়ে ঘরোয়া ও ইউরোপীয় ম্যাচে ক্লাবটির জার্সিতে আলাদা দুটি লোগো দেখা যেতে পারে।
ঘরোয়া ফুটবলে ওহানা বাণিজ্যিক অংশীদার হিসেবে জায়গা করে নিলেও ইউরোপের মঞ্চে সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ফুন্দাসিও বার্সার উপস্থিতি বজায় থাকবে।
প্রস্তাবিত এই চুক্তির মূল লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতে একটি বিলাসবহুল আবাসিক প্রকল্পের বিপণনে বার্সেলোনা ব্র্যান্ডকে কাজে লাগানো। অনুমোদন পেলে এটি কেবল জার্সি স্পনসরশিপ নয়, বরং দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারিত্ব কার্যকর হবে।
