Logo
Logo
×
   

খেলা

অনিশ্চয়তায় রিচার্লিসনের ভবিষ্যৎ, বন্ধ হচ্ছে একের পর এক দরজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

অনিশ্চয়তায় রিচার্লিসনের ভবিষ্যৎ, বন্ধ হচ্ছে একের পর এক দরজা

টটেনহ্যাম হটস্পার ছাড়তে চান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। তবে ইচ্ছা থাকলেও এখনো নতুন কোনো ক্লাবে যাওয়ার পথ তৈরি হয়নি। একের পর এক দলবদলের বাজার বন্ধ হয়ে যাওয়ায় তার সম্ভাব্য গন্তব্যের তালিকাও ক্রমেই ছোট হয়ে আসছে।

শুক্রবার রাতে তুরস্কের সুপার লিগের দলবদলের সময়সীমা শেষ হয়েছে। এর আগে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরের সঙ্গে রিচার্লিসনের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হয়নি। ফলে তুরস্কে যাওয়ার সম্ভাবনাও আপাতত শেষ হয়ে গেছে।

রিচার্লিসনের ক্লাব ছাড়ার ইচ্ছার বিষয়টি অবশ্য আগেই প্রকাশ্যে এসেছিল। টটেনহ্যামের কোচ রবার্তো দে জারবি জানিয়েছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই তাকে ক্লাব ছাড়তে চাওয়ার কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত সেই ইচ্ছার বাস্তবায়ন হয়নি। ২৯ বছর বয়সি এই ফরোয়ার্ড এখনো টটেনহ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ।

টটেনহ্যাম ছাড়ার ক্ষেত্রে প্রথমদিকে সবচেয়ে বেশি আলোচনায় ছিল এভারটন। ইংলিশ ক্লাবটিতে খেলার সময় রিচার্লিসন ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায় কাটিয়েছিলেন। তাই পুরোনো ক্লাবে ফেরার সম্ভাবনাও ছিল। কিন্তু ইংল্যান্ডের দলবদলের সময়সীমা মঙ্গলবার শেষ হয়ে যাওয়ায় সেই সুযোগও বন্ধ হয়ে গেছে।

এরপর ট্রাবজোনস্পোরকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেটিও বাস্তবে রূপ নেয়নি। ফলে ইউরোপের বেশ কয়েকটি লিগের দরজাও এখন বন্ধ। স্কটল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা শেষ হয়ে গেছে।

তবে রিচার্লিসনের সামনে এখনো কয়েকটি বিকল্প রয়েছে। এর মধ্যে সৌদি আরব অন্যতম সম্ভাব্য গন্তব্য। সৌদি প্রো লিগে দলবদলের সুযোগ ১২ অক্টোবর পর্যন্ত থাকছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বড় ক্লাব ও প্রিমিয়ার লিগ থেকে অনেক পরিচিত খেলোয়াড় সেখানে পাড়ি জমিয়েছেন।

পর্তুগালও হতে পারে রিচার্লিসনের জন্য সম্ভাব্য একটি ঠিকানা। ব্রাজিলিয়ান হওয়ায় ভাষা ও সংস্কৃতির দিক থেকে দেশটিতে মানিয়ে নেওয়া তার জন্য তুলনামূলক সহজ হতে পারে। পর্তুগালের প্রাইমিরা লিগায় খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এ ছাড়া ব্রাজিল ও মেক্সিকোতেও এখনো দলবদলের সুযোগ রয়েছে। ব্রাজিলের বাজার ১১ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে, একই সময়সীমা মেক্সিকোর ক্ষেত্রেও প্রযোজ্য। তবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই, কারণ সেখানে দলবদলের সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে।

সব মিলিয়ে রিচার্লিসনের ভবিষ্যৎ এখনো ঝুলে আছে। নতুন কোনো ক্লাব না পেলে টটেনহ্যামও বিকল্প পথ ভাবছে। গোল ডটকমের তথ্য অনুযায়ী, তার সঙ্গে চুক্তি বাতিলের সম্ভাবনাও বিবেচনা করছে ক্লাবটি। চুক্তি বাতিল হলে রিচার্লিসন ফ্রি এজেন্ট হিসেবে নিজের পছন্দের নতুন ক্লাব খোঁজার সুযোগ পাবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম