Logo
Logo
×
   

খেলা

‘ভারতকে হারানোয় বড় ক্ষতি পাকিস্তানের’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

‘ভারতকে হারানোয় বড় ক্ষতি পাকিস্তানের’

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পরাজিত করে পাকিস্তান ক্রিকেট দল। ঐতিহাসিক সেই জয়ের পর থেকেই পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিম্নমুখী।  যে কারণে ভারতের বিপক্ষে সেই জয় পাকিস্তানের বড় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ইউসুফ।

সম্প্রতি ইংল্যান্ড সফরে হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হারের পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হারে পাকিস্তান। লজ্জাজনক পরাজয়ের পর চরম পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরের মাঝামাঝি সময়েই দল থেকে সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠিয়ে তাদের জায়গায় নতুন সাতজনকে দলে যুক্ত করেছে।

এমনকি প্রধান কোচ সারফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাকিস্তান দলের এমন শোচনীয় পরিস্থিতিতে বোর্ডের এই কঠোর সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ।

সমা টিভির সাথে আলাপচারিতায় মোহাম্মদ ইউসুফ দাবি করেন, পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান সংকটের শুরু মূলত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাওয়া ঐতিহাসিক জয় থেকে।

ইউসুফ বলেন, ‘২০২১ সালে ভারতের বিপক্ষে যে ম্যাচটি আমরা জিতেছিলাম, সেটি আমাদের অনেক বড় ক্ষতি করেছে। ওই জয়ের পর খেলোয়াড়রা মনে করতে শুরু করে যে তারা বিশাল কিছু অর্জন করে ফেলেছে। এরপর তাদের ঠিক কী করা উচিত, তা তারা আর বুঝে উঠতে পারেনি। যখন আপনি ভালো পারফর্ম করবেন, তখন আপনার উচিত বিনয়ী থাকা। অহংকার আর অনাদর দেখিয়ে কলার উঁচিয়ে চললে সমস্যা আসবেই। আর পাকিস্তান ক্রিকেটে এখন সেই সমস্যার পাহাড় জমেছে।’

ইউসুফ আরও বলেন, ‘দলের প্রতিটি খেলোয়াড়ই পাকিস্তান দলের অধিনায়ক হতে চাচ্ছিল। যার মাশুল এখনো দিতে হচ্ছে। গত চার-পাঁচ বছরের সব ফরম্যাটের ক্রিকেট দেখুন—ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি—সবখানেই পাকিস্তান অত্যন্ত বাজে ক্রিকেট খেলেছে। পিসিবি খেলোয়াড়দের সব সময় সমর্থন দিয়ে এসেছে। কত কোচ এলো-গেল, দলকে সাহায্য করার জন্য কত পরিবর্তন আনা হলো! কিন্তু কোনো খেলোয়াড় সামনে এগিয়ে এসে দায়ভার নেয়নি। অবশেষে পিসিবিকে এমন একটি কঠোর পদক্ষেপ নিতে হয়েছে এবং আমি বোর্ডের এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করি।’

ইউসুফ আরও বলেন, ‘পিসিবি কখন বা কোন মুহূর্তে এই ব্যবস্থা নিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। নবম স্থানে থাকা নয়টি দলের মধ্যে আমরা নবম! বিশ্বজুড়ে পাকিস্তানের নাম খারাপ হচ্ছে। যখন এমন পরিস্থিতি তৈরি হয়, তখন ক্রিকেট বোর্ডের উন্নতি করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকে না।’

ইউসুফ স্মরণ করিয়ে দেন, ‘২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল এবং এশিয়া কাপের ফাইনাল খেলার পর থেকে এই পাকিস্তান দলের পারফরম্যান্স মারাত্মকভাবে নিম্নমুখী। সুতরাং কেবল ইংল্যান্ড সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটি দীর্ঘদিনের ধারাবাহিক ব্যর্থতারই প্রতিফলন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম