পাকিস্তানের ২ অঞ্চলকে ভারতের মানচিত্রে দেখিয়ে ভিডিও প্রকাশ আফগানিস্তানের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) একটি নতুন প্রোমো ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) এবং গিলগিট-বালতিস্তানকে দেখানো হয়েছে। এতে পাকিস্তান ক্ষোভ প্রকাশ করেছে।
আগামী কয়েকদিনের মধ্যে নয়াদিল্লিতে ভারত ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের সিরিজ শুরু হবে। এই সিরিজের আগে রোববার এসিবি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রোমোটি শেয়ার করে।
সিএনএন-নিউজ১৮কে সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই মানচিত্র নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উদ্বেগ জানিয়েছে। সূত্র আরও জানায়, ইসলামাবাদ চাইলে এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলতে পারে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কাবুল ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক এখন বেশ উত্তপ্ত। সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার মতো ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। পাকিস্তান বারবার অভিযোগ করেছে, আফগান তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দিচ্ছে। পাকিস্তানের ভেতরে বেশ কিছু প্রাণঘাতী হামলার জন্য তারা টিটিপিকে দায়ী করে।
এসিবি তাদের প্রোমোর সঙ্গে একটি বার্তাও জুড়ে দিয়েছে। এতে আসন্ন সিরিজের গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে।
পোস্টে লেখা হয়েছে, ‘একটি সিরিজ যা আবারও দুটি দেশকে একসঙ্গে নিয়ে আসবে।’ এই ম্যাচগুলোকে দুই দেশের গভীর ইতিহাস, সংস্কৃতি আর ক্রিকেটের প্রতি ভালোবাসার মিলনস্থল বলেও বর্ণনা করা হয়েছে।
পোস্টে আরও বলা হয়, ‘এগুলো শুধু ম্যাচ নয়। এগুলো আবেগ, উত্তেজনা আর গুরুত্বের মুহূর্ত, যেখানে আফগানআতালান মাঠে নামবে দেশের কোটি মানুষের আশা আর গর্ব নিয়ে।’
আগামী ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
