Logo
Logo
×
   

খেলা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা জাপানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা জাপানের

ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে জাপান। স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ প্রতিভাও।

জাপানের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিংয়ের সঙ্গে দলে রয়েছেন ইব্রাহিম তাকাহাশি ও ডেকলান সুজুকি-ম্যাককম্ব। তিনজনেরই জাপানের হয়ে ৫০টির বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তরুণ স্পিন বোলিং অলরাউন্ডার জেক কুসুদা-নাইর্ন। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ সুয়োশি তাকাদা। ২০১৩ সালের আইসিসি ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে জাপানের জার্সিতে অভিষেক হয়েছিল তার।

স্কোয়াডে রয়েছে জাপানের স্কুলভিত্তিক ক্রিকেট কার্যক্রম ‘বুকাতসু’র দুই ক্রিকেটার ওয়াতারু মিয়াউচি ও মাকোতো তানিয়ামা। লেগ স্পিনার তানিয়ামা অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের বোলিংয়ের ভিডিও দেখে নিজের অ্যাকশন তৈরি করেছেন। প্রিয় ক্রিকেটারের স্মরণে ২৩ নম্বর জার্সিও বেছে নিয়েছেন তিনি। জাপানের ক্রিকেটের ইতিহাস ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারিও তানিয়ামা।

জাপানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য চার্লি হারা-হিনজেকেও রাখা হয়েছে জাতীয় দলে। তানজানিয়ার বিপক্ষে জাপানের ঐতিহাসিক জয়ের ম্যাচেও অংশ নিয়েছিলেন তিনি। চোটের কারণে ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮-এর সাব-রিজিওনাল বাছাইপর্বে খেলতে না পারা স্পিনার বেঞ্জামিন ইতো-ডেভিসও দলে ফিরেছেন।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দ্বিতীয় অবস্থানে ছিল জাপান। পাপুয়া নিউগিনির সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে রয়েছে তারা। অবশ্য নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে দিয়েছে জাপান। ফলে বিশ্বকাপে খেলার আশা এখনও বেঁচে আছে দলটির।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে ১৯ ও ২০ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে জাপান। এরপর ২৪ সেপ্টেম্বর আফগানিস্তান এবং ২৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে এশিয়ান গেমসে মাঠে নামবে তারা। কোয়ার্টার ফাইনালে যেতে হলে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে হবে জাপানকে।

ভারতের স্কোয়াড
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং ও বৈভব সূর্যবংশী।

জাপানের স্কোয়াড
কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (অধিনায়ক), চার্লি হারা-হিনজে, বেঞ্জামিন ইতো-ডেভিস, অ্যালেস্টার কাদোওয়াকি-ফ্লেমিং, কোহেই কুবোতা, জেক কুসুদা-নাইর্ন, ওয়াতারু মিয়াউচি (উইকেটকিপার), রেও সাকুরানো-থমাস, অ্যালেক্স শিরাই-প্যাটমোর (উইকেটকিপার), শোমা সুগায়া-স্লেটার, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, সুয়োশি তাকাদা, ইব্রাহিম তাকাহাশি, মাকোতো তানিয়ামা ও লাচলান ইয়ামামোতো-লেক।

সূত্র: আইসিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম