ইনফান্তিনো-ট্রাম্প ঘনিষ্ঠতা নিয়ে ফিফায় লাখো মানুষের অভিযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এখন আর গোপন কোনো বিষয় নয়। এই সম্পর্ককে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক নিরপেক্ষতার নীতি ভঙ্গের অভিযোগ তুলেছেন এক লাখের বেশি মানুষ। পুনরায় ফিফা সভাপতির পদে থাকার জন্য নির্বাচনে লড়তে চাওয়া ইনফান্তিনোর জন্য এমন অভিযোগ নতুন করে চাপ তৈরি করতে পারে।
বিশ্বকাপ শুরুর আগে ‘রিবুট ফিফা’ নামে একটি প্রচারণা শুরু হয়। ফিফার কথিত প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় অভিযোগ দায়ের করাই ছিল এর মূল উদ্দেশ্য। পরে এই উদ্যোগের আওতা আরও বাড়ানো হয়। এতে ফোলারিন বালোগানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং বিশ্বকাপের পর বাতিল হয়ে যাওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্পের বিষয়ও যুক্ত করা হয়।
মঙ্গলবার ফিফার নৈতিকতা কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের সঙ্গে দেওয়া চিঠিতে ‘রিবুট ফিফা’র আয়োজক এবং অধিকারকর্মী সংগঠন ফেয়ার স্কয়ার কমিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে একই ধরনের একটি অভিযোগ জমা দেওয়া হয়েছিল। তবে সে সময় ফিফার নৈতিকতা কমিটির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরবর্তীতে অবশ্য অভিযোগটির প্রতি সমর্থন জানায় নরওয়ের ফুটবল ফেডারেশন এবং ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য।
ফেয়ার স্কয়ার তাদের চিঠিতে বলেছে, জবাবদিহির দাবিতে এক লাখ মানুষের নাম যুক্ত হওয়া জনমনে উদ্বেগের মাত্রা স্পষ্ট করছে। ফুটবলের সততা ও সুনাম রক্ষার দায়িত্বে থাকা স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান হিসেবে নৈতিকতা কমিটির শুধু পদক্ষেপ নিলেই হবে না, সেই পদক্ষেপ যেন দ্রুত, স্বচ্ছ ও কঠোরভাবে নেওয়া হচ্ছে—সেটিও দৃশ্যমান হওয়া প্রয়োজন।
অভিযোগের ভিত্তি হিসেবে মোট আটটি ঘটনার কথা উল্লেখ করেছে রিবুট ফিফা। ফেয়ার স্কয়ারের দাবি, এসব ঘটনার মাধ্যমে অন্তত তিন ধরনের গুরুতর প্রশ্ন সামনে আসে—ইনফান্তিনোর ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্ব পালনে ব্যর্থতা এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে গিয়ে তার দায়িত্ব ও আনুগত্যের নীতি লঙ্ঘন।
ইনফান্তিনোর বিরুদ্ধে এই অভিযোগগুলো এমন সময়ে সামনে এলো, যখন তিনি ফিফা সভাপতির পদে আবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এরই মধ্যে বিভিন্ন দিক থেকে চাপের মুখে রয়েছেন তিনি।
উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কনকাকাফও ইনফান্তিনোর সমালোচনা করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগ দায়ের করার বিষয়েও উয়েফার পক্ষ থেকে কথা বলা হয়েছে। পুনর্নির্বাচনের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা নতুন এই অভিযোগ ফিফার নেতৃত্ব নিয়ে বিতর্ককে আরও জোরালো করতে পারে।

