১১৯ বছরের পুরোনো লজ্জার রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে পাকিস্তানকে
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চলমান ইংল্যান্ড সফরে পাকিস্তান যেন কিছুতেই খাদের কিনার থেকে সরতে পারছে না। তিন বিভাগেই বড্ড ম্লান তাদের পারফর্ম্যান্স। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে ব্যাটিং। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা এখন শুধু ম্যাচের ফলাফলের বিষয় নয়, ইতিহাসেরও অংশ হয়ে উঠতে পারে। তাদের ব্যাটিং বিপর্যয় এবার তাদেরকে ১১৯ বছরের পুরোনো এক লজ্জার রেকর্ডের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।
তিন টেস্টে একবারও ২০০ নয়! টেস্ট ক্রিকেটে সর্বশেষ এমন ব্যাটিং-দুর্দশা দেখা গিয়েছিল ১১৯ বছর আগে। সেই বিরল লজ্জার রেকর্ডের সামনে এখন পাকিস্তান।
তিন টেস্টের সিরিজে এখন পর্যন্ত কোনো সম্পূর্ণ ইনিংসেই ২০০ রান করতে পারেনি পাকিস্তান। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তাদের সংগ্রহ থেমেছে মাত্র ১৩৩ রানে। প্রথম দুই টেস্টেও বড় সংগ্রহের দেখা পায়নি তারা।
আর তাতেই সামনে এসেছে এক বিরল পরিসংখ্যান। টেস্ট ইতিহাসে সর্বশেষ কোনো দল তিন বা তার বেশি টেস্টের একটি সিরিজে কোনো সম্পূর্ণ ইনিংসেই ২০০ রান করতে পারেনি ১৯০৭ সালে। ইংল্যান্ড সফরে তিন টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও ছিল এমনই বিবর্ণ। সেই সিরিজে তাদের সর্বোচ্চ সম্পূর্ণ ইনিংস ছিল ১৭৮ রান।
অর্থাৎ, পাকিস্তানের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও যদি ২০০ না আসে, তাহলে ১১৯ বছর পর আবারও কোনো তিন টেস্টের সিরিজে একটি দল ২০০ রানের গণ্ডি ছুঁতে ব্যর্থ হওয়ার ঘটনা দেখা যাবে।
তৃতীয় টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান এখন ব্যাটিং করছে স্কোরবোর্ডে ৫২ রান নিয়ে, ২ উইকেট নেই হয়ে গেছে এরই মধ্যে। ইনিংস ব্যবধানে হার এড়াতে হলেও তাদের এখন চাই ২৬৮ রান। তবে তাদের আপাতত লক্ষ্যটা বোধ হয় ১৪৮ রান। সেটা হলেই কেবল পাকিস্তান এই লজ্জার রেকর্ড থেকে মুক্তি পাবে।
পাকিস্তানের সামনে তাই এখন শুধু ম্যাচ বাঁচানোর লড়াই নয়, ইতিহাস এড়ানোর লড়াইটাও। এখন তাদের সামনে প্রশ্ন একটাই—শেষ ইনিংসে কি ২০০ ছুঁতে পারবে তারা?
