বিশ্বকাপ জয়ের আরেক সারথীকে হারাচ্ছে আর্জেন্টিনা
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম
আর্জেন্টিনার সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন ওয়াল্টার সামুয়েল (বাম থেকে তৃতীয়)/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপে থাকবেন কি না, তা নিয়ে শঙ্কা এখনো কাটেনি আর্জেন্টিনার। চুক্তি নবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা চলছে, ঠিক তখনই আর্জেন্টিনা জাতীয় দলের আরেকটি বড় খবর সামনে এলো। দলের দীর্ঘদিনের সহকারী কোচ ওয়াল্টার সামুয়েল জাতীয় দল ছাড়ছেন। এই খবরটি এএফএর ভেতরে অনেক আগে থেকেই সবার জানা ছিল।
স্কালোনির মতোই সামুয়েলের চুক্তিও শেষ হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। প্রধান কোচ কী সিদ্ধান্ত নেন, তা নির্বিশেষে ২০২৭ সালে আর দায়িত্বে থাকছেন না সামুয়েল। এই বিষয়ে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও জানেন।
আট বছর জাতীয় দলের কোচিং স্টাফে সফলভাবে কাজ করার পর এবার সেই অধ্যায়ের ইতি টানছেন তিনি। যেমন নীরবে খেলতেন এক সময়ের শক্ত সেন্টার-ব্যাক হিসেবে, তেমনি নীরবেই বিদায় নিচ্ছেন তিনি।
তার হাত ধরে এসেছে চারটি শিরোপা। ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা। এছাড়া তিনি ২০১৯ কোপা আমেরিকায় তৃতীয় স্থান এবং ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে রানার্সআপ হওয়ার মুহূর্তের সাক্ষীও হয়েছেন।
৪৮ বছর বয়সী সামুয়েলের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিশাল। বিশ্বকাপ ফাইনালের মাঝে কেমন চাপে থাকতে হয়, তা খুব কম মানুষই বোঝেন যতটা তিনি বোঝেন। তিনি মনে করছেন, এখন সময় হয়েছে স্কালোনির পেছনে না দাঁড়িয়ে নিজেরই মূল নায়ক হয়ে ওঠার।
এই কারণেই জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে ইউরোপে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চান সামুয়েল। আগামী কয়েক মাস তিনি নিজেকে আরও প্রস্তুত করবেন। লক্ষ্য, আগামী বছরই কোনো দলের দায়িত্ব নেওয়া।
জাতীয় দলের আরও দুই সহকারী কোচ পাবলো আইমার এবং রবের্তো আয়ালা আগামী মৌসুমে কী করবেন, তা এখনো জানা যায়নি। তারা আর্জেন্টিনার কাঠামোগত পরিকল্পনার অংশ আছেন এখনও।
