সমালোচনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে: এমবাপ্পে
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফ্রান্সের জাতীয় দল ও ক্লাব ফুটবলে আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২৭ বছর বয়সেই দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন ফরাসি তারকা।
এরপরও মাঠে তার কিছু ভূমিকা নিয়ে প্রায়ই সমালোচনা হয়। বিশেষ করে ম্যাচের সময় রক্ষণে যথেষ্ট নিচে না নামায় প্রশ্ন ওঠে। এবার এসব সমালোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এমবাপ্পে।
সমালোচকদের কথায় খুব একটা প্রভাবিত হন না রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। বরং নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে যাওয়াকেই গুরুত্ব দেন তিনি। এমবাপ্পের মতে, তিনি মাঠে কী ভালো করছেন, তার চেয়ে কী করছেন না—সমালোচকদের নজর অনেক সময় সেদিকেই বেশি থাকে।
ম্যাচের সময় রক্ষণে তাকে খুব একটা দেখা যায় না—এ নিয়ে সমালোচনার বিষয়ে ফ্রান্স ফুটবলকে এমবাপ্পে বলেন, ‘আমি মনে করি না এটা স্বাভাবিক। কিন্তু বছরের পর বছর ধরে যারা উৎকর্ষের শিখরে আছে, তাদের জীবন তো এমনই।’
তারকা ফুটবলারদের ঘিরে সমালোচনা থাকাটাকে স্বাভাবিক বলেই মনে করেন এমবাপ্পে। তাই এসব মন্তব্যকে ব্যক্তিগতভাবে নেন না তিনি। তার ভাষায়, ‘আমি যদি গোল না করি, লোকেরা প্রশ্ন করবে আমি কেন গোল করছি না। সবাই জানে আমার সামর্থ্য কী। আমি মনে করি এটাই মানুষের স্বভাব—কেউ কী করছে না, সেদিকেই মনোযোগ দেওয়া। সুতরাং আমি এটাকে ব্যক্তিগতভাবে নিই না।’
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন এমবাপ্পে। দলের জন্য নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে গোল করাকেই দেখছেন তিনি।
এমবাপ্পে বলেন, ‘সবারই দেখার ভিন্ন চোখ আছে। কিন্তু আমি মনে করি ফুটবলের লক্ষ্যই হলো গোল করা, প্রতিপক্ষের চেয়ে একটি বেশি। যে খেলোয়াড় গোল করে, সে কখনো দলের জন্য সমস্যা হবে না। কারণ আমি কখনো দেখিনি কোনো দল শূন্য গোলে শিরোপা জিতেছে।’
সমালোচনা তার সিদ্ধান্ত নেওয়া বা মাঠের পারফরম্যান্সে বড় কোনো প্রভাব ফেলে না বলেও জানিয়েছেন সাবেক পিএসজি তারকা। এ বিষয়ে তার বক্তব্য, ‘আমি মনে করি সমালোচনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। কারণ কিছু গঠনমূলক সমালোচনা আছে এবং কিছু উদ্ভট সমালোচনাও। এটা এমন কিছু নয় যে আমাকে আতঙ্কিত করে, যখন আমাকে সিদ্ধান্ত নিতে হয়। আমি মনে করি না আমি সমালোচিত হতে যাচ্ছি—কোনো দ্বিধা ছাড়াই আমি সামনে এগিয়ে যাই।’
অর্থাৎ প্রশংসা কিংবা সমালোচনা—কোনোটিকেই নিজের খেলায় বাধা হতে দিতে চান না এমবাপ্পে। নিজের সামর্থ্যের ওপর আস্থা রেখে মাঠে পারফর্ম করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

