Logo
Logo
×
   

Advertisement

খেলা

জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে

সংগৃহীত

Advertisement

না রিয়াল মাদ্রিদ, না ফ্রান্স, শেষ এক মৌসুমে দলগতভাবে কিছুই জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগতভাবে জিতেছেন দুটো বড় পুরস্কার, ইউরোপিয়ান গোল্ডেন শ্যু আর বিশ্বকাপের গোল্ডেন বুট। সে কারণেই কি না, এমবাপ্পে জানালেন, তিনি এখনও ব্যালন ডি'অর জেতার যোগ্য।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই তারকা ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদানের প্রশংসা করেন। তিনি বলেন, তার পারফরম্যান্স বিশ্বসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার যোগ্য।

এমবাপ্পে বলেন, ‘আমি বিশ্বাস করি এই বছর আমি এটা জিততে পারি। এটা আমার লক্ষ্যগুলোর একটা। আর এটা স্বল্পমেয়াদি লক্ষ্য।’ 

তিনি আরও বলেন, ‘মানুষ বলে আমি কোনো ট্রফি জিতিনি, ক্লাব বা দেশের হয়ে। কিন্তু এটা একটা ব্যক্তিগত পুরস্কার। আমি কখনো দেখিনি কেউ সবার ভোটে ব্যালন ডি'অর জিতেছে।’

তিনি যোগ করেন, ‘কেউ কি কখনো শতভাগ ভোটে জিতেছে? তার মানে সবসময় কেউ না কেউ মনে করে বিজয়ী এটা পাওয়ার যোগ্য ছিল না।’

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করেন এমবাপ্পে। লা লিগায় করেন ২৫ গোল। বিশ্বকাপে তার গোলসংখ্যা গিয়ে দাঁড়ায় ২২টিতে। এর মাধ্যমে তিনি হয়ে যান বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যায় ফ্রান্স।

এমবাপ্পে বলেন, ‘ব্যালন ডি'অর নিয়ে আমার ধারণা আসে মেসি আর রোনালদোর সময় থেকে। সাধারণ খেলোয়াড়কে এটা দেওয়া হয় না। এটা দেওয়া হয় ব্যতিক্রমী খেলোয়াড়দের। আমি মনে করি এই বছর আমি ব্যতিক্রমী কিছু করেছি। তাই আমি বিশ্বাস করি আমি এটা জিততে পারি।’

তিনি কি নিজেকে যোগ্য বিজয়ী মনে করেন, এই প্রশ্নে এমবাপ্পে দৃঢ়ভাবে জবাব দেন। তিনি বলেন, ‘আমার চেয়ে ভালো খেলোয়াড় কেউ ছিল না। আমরা অর্জনের কথা বলছিলাম। বড় বড় প্রতিযোগিতায়, যেখানে সব সেরা খেলোয়াড়রা থাকে, সেখানে এত গোল করা, আর অবশ্যই বিশ্বকাপে, সবচেয়ে বড় আসরে, সেখানে সর্বোচ্চ গোলদাতা হওয়া—পুরো ছুটির সময় মানুষ শুধু এই কথাই বলেছে আমাকে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ কী, এটা পুরোপুরি বোঝা কঠিন। এটা বড় খেলোয়াড়দের প্রতিযোগিতা, তারকাদের, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের। আর নিজেকে বলা, মাত্র ২৭ বছর বয়সে, আমিই এখন সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়। আর এটা আরও বিশেষ, কারণ আমি এই রেকর্ড নিয়েছি লিও মেসির কাছ থেকে। অনেকের কাছে ক্রিস্টিয়ানোর (রোনালদো) সঙ্গে তিনিই ইতিহাসের সেরা খেলোয়াড়। এটা দারুণ ব্যাপার। এই ধরনের অর্জন আলাদা।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম