দ্রাবিড়ের চোখে সর্বকালের সেরা অধিনায়ক কে
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক কে—এ প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রিকি পন্টিং, ইমরান খানসহ অনেক কিংবদন্তি অধিনায়কই নিজেদের নেতৃত্বগুণ ও সাফল্যের মাধ্যমে আলাদা জায়গা করে নিয়েছেন।
তবে ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সর্বকালের সেরা অধিনায়ক নির্বাচন নিয়ে নানা বিতর্ক দেখা যায়। এবার সেই আলোচনায় নিজের মতামত জানালেন ক্রিকেটের ‘দ্য ওয়াল’খ্যাত দ্রাবিড়। একাধিক কিংবদন্তি অধিনায়কের মধ্য থেকে বেছে নিতে বলা হলে শেষ পর্যন্ত ধোনিকেই সেরা হিসেবে নির্বাচিত করেন তিনি।
ধোনির পক্ষে দ্রাবিড়ের সিদ্ধান্তের পেছনে রয়েছে তার দুর্দান্ত সাফল্য। ধোনির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি—তিনটি বড় আইসিসি শিরোপাই জিতেছে। তার অধিনায়কত্বেই ভারত প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল হওয়ার গৌরব অর্জন করে।
ধোনির নেতৃত্ব কাছ থেকে দেখার সুযোগও হয়েছিল দ্রাবিড়ের। বেশ কয়েক বছর তার অধিনায়কত্বে খেলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। ফলে কঠিন পরিস্থিতিতে ধোনির সিদ্ধান্ত নেওয়া এবং দল পরিচালনার ধরন সরাসরি দেখেছেন তিনি।
ক্রিকইনফোর প্রকাশিত একটি ভিডিওতে ‘উইনার স্টেজ অন’ খেলায় অংশ নেন দ্রাবিড়। সেখানে তাকে একাধিক কিংবদন্তি অধিনায়কের মধ্য থেকে ধাপে ধাপে সেরা বেছে নিতে বলা হয়। শুরুতে স্টিভ স্মিথকে বেন স্টোকস, প্যাট কামিন্স, অর্জুনা রানাতুঙ্গা, কেন উইলিয়ামসন, গ্রায়েম স্মিথ, ইয়ান মরগ্যান, স্টিফেন ফ্লেমিং ও মাইকেল ক্লার্কের চেয়ে এগিয়ে রাখেন তিনি। পরে রিকি পন্টিংয়ের বিপক্ষে অ্যালান বোর্ডারকে বেছে নিলেও পরের ধাপে পন্টিংকে পেছনে ফেলে স্টিভ ওয়াহকে এগিয়ে দেন।
বিরাট কোহলির নাম এলে অবশ্য কোনো দ্বিধা করেননি দ্রাবিড়। কিন্তু পরের ধাপে কোহলিকে হারিয়ে দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ইমরানকে এগিয়ে রাখার কারণ হিসেবে দ্রাবিড় বলেন, তার অর্জনের কারণেই তিনি ইমরান খানকে বেছে নিয়েছেন।
শেষপর্যায়ে ধোনি, ইমরান খান ও স্যার ক্লাইভ লয়েডের মধ্যে একজনকে বেছে নেওয়ার সুযোগ পান দ্রাবিড়। সেখানেও তার চূড়ান্ত পছন্দ ধোনি।
ক্লাইভ লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ ও ১৯৭৯ সালে পরপর দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। অন্যদিকে ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে। তবে ধোনির সাফল্যের ব্যাপ্তি ছিল আরও বড়। তার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ক্রিকেট ইতিহাসে অনন্য কীর্তি গড়ে।
সর্বকালের সেরা অধিনায়ক নিয়ে বিতর্ক হয়ত চলতেই থাকবে। তবে সেই বিতর্কে রাহুল দ্রাবিড়ের ব্যক্তিগত ভোটে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

