টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং আর উইকেটকিপিংয়ে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। তবে ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন।
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন জ্যোতি। মঙ্গলবার জাপান থেকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। জানা গেছে, বিসিবি সভাপতি তামিম ইকবালও নিগারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার নেওয়ার পর থেকে এই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন নিগার। তার অধিনায়কত্বে অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে প্রথম জয় পায় বাংলাদেশ। সেই আসরে ব্যাট ও গ্লাভস হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিগার।
২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কিন্তু এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার, স্কটল্যান্ড-নেদারল্যান্ডসের ত্রিদেশীয় সিরিজে মিশ্র ফল এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয়। সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়ে তার নেতৃত্ব।
