Logo
Logo
×
   

Advertisement

খেলা

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

দুর্দান্ত সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে হ্যারি ব্রুকের উদযাপন।

Advertisement

হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরি ও জস বাটলারের ঝোড়ো ইনিংসে ভর করে বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। পরে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে একপ্রকার উড়িয়ে দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রানের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।

সাউদাম্পটনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে ১৯ ওভারে ১৩৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে রানের ব্যবধানে এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। সব মিলিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে এটি ইংল্যান্ডের চতুর্থ সর্বোচ্চ রানের ব্যবধানের জয়।

ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী ছিল ইংল্যান্ড। অভিষিক্ত আনিউরিন ডোনাল্ড প্রথম ওভারেই মহীশ তিকশানাকে একটি ছক্কা ও একটি চার মারেন। এরপর দুশমন্থ চামিরার এক ওভারে টানা চারটি বাউন্ডারি হাঁকান বাটলার। ডোনাল্ড ১২ রান করে ফিরলেও ক্রিজে এসে আরও ভয়ংকর রূপ নেন ব্রুক।

ইংল্যান্ড পাওয়ারপ্লের ৬ ওভারেই তোলে ৯০ রান। ডুনিথ ভেল্লালাগের করা পঞ্চম ওভার থেকে আসে ৩০ রান, যেখানে ব্রুক মারেন তিনটি ছক্কা ও তিনটি চার।

একপ্রান্তে বাটলার ২৯ বলে ফিফটি পূর্ণ করেন, অন্যদিকে মাত্র ২০ বলেই অর্ধশতক তুলে নেন ব্রুক। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৩৪ রান।

ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হওয়ার আগে বাটলার ৪৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৮টি চার ও ৩টি ছক্কা। ব্রুকের সঙ্গে তিনি গড়েন ৬০ বলে ১২৮ রানের জুটি।

বাটলার ফিরলেও থামেননি ব্রুক। মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করে একাধিক রেকর্ড গড়েন ইংল্যান্ড অধিনায়ক। সাউদাম্পটনে এটিই দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এর আগে ৪৭ বলে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। এছাড়া ৪২ বলে করা এই সেঞ্চুরি ইংল্যান্ডের হয়ে তৃতীয় দ্রুততম।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও এখন ব্রুক। তার এবং বাটলারের দুজনেরই রয়েছে দুটি করে সেঞ্চুরি। চারটি সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে আছেন ফিল সল্ট।    

শেষ পর্যন্ত ৪৯ বলে ১১টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১১৪ রানে অপরাজিত থাকেন ব্রুক। শেষ দিকে উইল জ্যাকসের ২১ রানের কার্যকর ইনিংসে ভর করে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড।

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লের মধ্যেই ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ডুনিথ ভেল্লালাগে। দাসুন শানাকা করেন ২৪ রান। বাকি ব্যাটাররা বড় কোনো জুটি গড়তে না পারায় ১৯ ওভারে ১৩৫ রানেই অলআউট হয় দলটি।

ইংল্যান্ডের হয়ে সনি বেকার নেন ৩ উইকেট। জেমি ওভারটন ও লিয়াম ডসন শিকার করেন দুটি করে উইকেট।

ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন হ্যারি ব্রুক। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামীকাল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম