Logo
Logo
×
   

Advertisement

খেলা

তদন্ত ও ফোন জব্দের ঘটনায় ক্ষুব্ধ রিজওয়ান, চাইলেন ব্যাখ্যা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

তদন্ত ও ফোন জব্দের ঘটনায় ক্ষুব্ধ রিজওয়ান, চাইলেন ব্যাখ্যা

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

Advertisement

পাকিস্তান ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের ভরাডুবির পর ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহে তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে তার মোবাইল ফোনও এখনও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন এই ক্রিকেটার।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কয়েকজন ক্রিকেটারের মোবাইল ফোন জব্দ করে। পরে সেগুলো সাইবার ক্রাইম বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের অংশ হিসেবে মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হককে লাহোরের জোহর টাউনে অবস্থিত সাইবার ক্রাইম বিভাগের সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

খবরে বলা হয়েছে, দুই ক্রিকেটারকে কয়েক ঘণ্টা ধরে জেরা করা হয়। তবে পুরো ঘটনাপ্রবাহ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রিজওয়ান। তিনি সাইবার ক্রাইম বিভাগে একটি চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন, কেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল এবং তার মোবাইল ফোন এখনও কেন আটকে রাখা হয়েছে।

রিজওয়ানের ভাষ্য, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার কারণ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। একই সঙ্গে তিনি নিজের মোবাইল ফোন দ্রুত ফেরত দেওয়ারও দাবি জানিয়েছেন। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার মনে করছেন, বিষয়টি নিয়ে তার কাছে পরিষ্কার ব্যাখ্যা থাকা প্রয়োজন।

এদিকে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, রিজওয়ান ও ইমাম-উল-হকের মোবাইল ফোন থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। কী ধরনের তথ্য পাওয়া গেছে বা তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।   

পাকিস্তান ক্রিকেট বর্তমানে কঠিন সময় পার করছে। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর দল ও বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সিরিজ চলাকালেই সাত ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হকও।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেতরের সূত্রের বরাতে কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, দলের শৃঙ্খলা ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় কয়েকজন ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে বোর্ড। তবে রিজওয়ানকে জাতীয় দলের পরিকল্পনা থেকে বাদ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত পিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সব মিলিয়ে মাঠের ব্যর্থতার পাশাপাশি মাঠের বাইরের বিতর্কও পাকিস্তান ক্রিকেটকে অস্বস্তিতে ফেলেছে। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতেই এখন রয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম