রিজওয়ানের আবেদন খারিজ করল হাইকোর্ট, কঠোর পদক্ষেপ নিতে চলেছে পিসিবি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির বিরুদ্ধে লাহোর হাই কোর্টে গিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু সেখানে বড় ধাক্কা খেলেন তিনি। আদালত তার আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে রিজওয়ানের উপর চাপ আরও বেড়ে গেল।
লাহোর হাই কোর্টের প্রধান বিচারপতি আলিয়া নীলম রিজওয়ানের আবেদন খারিজ করেন। রিজওয়ানের আইনজীবী কাজি উমর আলি আদালতে জানান, তার মক্কেলকে নোটিশ পাঠানো হয়েছে। এই কথা শুনে বিচারপতি বলেন, ‘তা হলে তো আপনার গিয়ে নোটিশের জবাব দেওয়া উচিত। কবে নোটিশ পাঠানো হয়েছিল?’
এই প্রশ্নের জবাবে আইনজীবী উমর জানান, পাকিস্তানে ফেরার পর রিজওয়ানকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তার আগে লন্ডনের একটি হোটেলে থাকার সময় প্রথমবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় কোনো নোটিশ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। রিজওয়ানকে বলা হয়েছিল, তিন ঘণ্টার জন্য তার ফোন রাখা হবে। কিন্তু এখনও সেই ফোন তিনি ফেরত পাননি।
এছাড়া ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির তদন্তের অধিকার নিয়েও প্রশ্ন তোলেন রিজওয়ানের আইনজীবী। তার দাবি, গড়াপেটার অভিযোগ উঠলে আইসিসির দুর্নীতিদমন শাখার তদন্ত করা উচিত। সেটা না করে বেআইনিভাবে রিজওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে এই যুক্তি আদালতে ধোপে টেকেনি। লাহোর হাই কোর্ট পুরো আবেদনই খারিজ করে দেয়।
আদালতের এই রায়ের পর রিজওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ড প্রধান মহসিন নকভি এখন ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির রিপোর্টের অপেক্ষায় আছেন। সেই রিপোর্ট হাতে পেলেই রিজওয়ান ও ইমাম-উল-হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে দেশের হয়ে তাদের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
