Logo
Logo
×
   

Advertisement

খেলা

বাংলাদেশের আসিয়ান কাপের স্কোয়াড ঘোষণা, আছে ৩টি চমক

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

বাংলাদেশের আসিয়ান কাপের স্কোয়াড ঘোষণা, আছে ৩টি চমক

সংগৃহীত

Advertisement

আসন্ন প্রথম ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি। সূত্র জানিয়েছে, চূড়ান্ত এই দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডভিত্তিক ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ও মিডফিল্ডার জিদান ইউসুফ, সেই সঙ্গে জাপানভিত্তিক শুকি ইতোফুসাও।

ফারহান আলী ওয়াহিদের দলভুক্তি নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ইংল্যান্ডভিত্তিক এই ফরোয়ার্ড গোলের সামনে বাংলাদেশকে ধারালো করে তুলতে পারবেন বলে আশাবাদী ডুলি। তিনি বলেন, ‘এই ছেলেটির [ফারহান আলী ওয়াহিদ] ব্যাপারে আমার যেটা ভালো লাগে তা হলো, ও গোল করতে জানে। এটাই তো দরকার। তাই ও এলে আমি সত্যিই চাই ওকে গোলের সামনে দেখতে, সেই মুভগুলো করতে এবং বলটা লক্ষ্যে মারতে, যেটা আমাদের অনেক খেলোয়াড়ই করে না।’

বর্তমানে ফুলহাম অনূর্ধ্ব-২১ দল থেকে ধারে বোরহ্যাম উড এফসিতে খেলছেন ফারহান। টুর্নামেন্ট শুরুর আগে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এই ফরোয়ার্ডের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত হলেও তার ওপর বাড়তি প্রত্যাশা চাপাতে চান না ডুলি। তিনি বলেন, হামজা চৌধুরীর মতো করে তিনি ফারহানকে দেখেন না।

ডুলি বলেন, ‘আমরা ওর ওপর এমন কোনো চাপ দিইনি যে ওকেই সবকিছুর ত্রাতা হতে হবে। আমি ওকে একজন ভালো, প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দেখি। ওর দুর্দান্ত দক্ষতা আছে। এটা পেশাদার পর্যায়ে মাঠে নিয়ে আসতে হবে। যদি সেটা করতে পারে, তাহলে ও আমাদের জন্য বড় সম্পদ হবে।’

আগামী ২৫ সেপ্টেম্বর জাকার্তায় শুরু হবে ফিফা আসিয়ান কাপের আট দলের প্রিমিয়ার ডিভিশন। প্রথম দিন স্বাগতিক ইন্দোনেশিয়া মুখোমুখি হবে সিঙ্গাপুরের, তার আগে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

চৌদ্দ দলের এই প্রথম আসরে এগারোটি আসিয়ান দেশের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং। টুর্নামেন্টটি দুই ভাগে বিভক্ত, ছয় দলের চ্যালেঞ্জ ডিভিশন শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

গ্রুপ এ-তে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশকে।

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে, আর ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার। বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই হবে গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

গ্রুপ বি-তে রয়েছে আসিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট থাইল্যান্ড ও ভিয়েতনাম, সঙ্গে ফিলিপাইন ও পাকিস্তান। গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ভিয়েতনাম বান্দুংয়ে ফিলিপাইনের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে ২৬ সেপ্টেম্বর।

শুরুতে টুর্নামেন্টে আমন্ত্রণ পেলেও পরে সরে দাঁড়ায় ভারত ও চীন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একই দিনে অর্থাৎ ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ থাকায় ভারত বিকল্প দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল, তবে ফিফা সেই প্রস্তাবে সায় দেয়নি। উল্লেখ্য, ৩ অক্টোবরেই হবে আসিয়ান কাপের ফাইনাল।

বাংলাদেশ দল:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
রক্ষণভাগ: জিদান আলেকজান্ডার ইউসুফ, টুটুল হোসেন বাদশা, শাকিল আহাদ টুটুল, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ
মধ্যমাঠ: এস এম মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত সোম
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম