Logo
Logo
×
   

Advertisement

খেলা

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যে ২ নাম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যে ২ নাম

সংগৃহীত

Advertisement

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে নিগার সুলতানা জ্যোতি সরে যাচ্ছেন। তার জায়গায় বাংলাদেশ নারী দলের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন, তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে আলোচনা শুরু হয়ে গেছে। এই আলোচনায় এগিয়ে আছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার এবং অলরাউন্ডার সোবহানা মোস্তারি।

চলমান এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুলতানা, তবে ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন তিনি। ইমেইলের মাধ্যমে বোর্ডকে নিজের এই সিদ্ধান্ত জানান তিনি। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে বেশি মনোযোগ দিতে চান বলে এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন সুলতানা। চীনের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান গেমসের প্রথম ম্যাচের মাত্র দুই দিন আগে এই খবর সামনে আসে।

২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছেন সুলতানা। তার নেতৃত্বের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তগুলোর একটি আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশকের মধ্যে প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই টুর্নামেন্টে ব্যাট ও গ্লাভস হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুলতানা, চার ইনিংসে করেন ১০৪ রান এবং সাতটি ডিসমিসালে অংশ নেন।

২০২২ সাল থেকে বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যোতি (বামে)/ফাইল ছবি

তবে সংক্ষিপ্ত এই ফরম্যাটে তার অধিনায়কত্ব নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থাকলেও পরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারে বাংলাদেশ, ব্যবধান ছিল ২-১। স্কটল্যান্ড-নেদারল্যান্ডস ত্রিদেশীয় সিরিজেও মিশ্র ফল পায় দলটি, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় পায় তারা।

বিসিবি সূত্র ক্রিকবাজকে নিশ্চিত করেছে, পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক ঠিক করতে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসলে সেখানে আলোচনায় থাকবেন নাহিদা ও সোবহানার নাম।

এই বিষয়ে ঘনিষ্ঠভাবে জড়িত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বলেন, ‘সুলতানার জায়গা নেওয়ার মতো খুব বেশি ক্রিকেটার আমাদের হাতে নেই, তবে যেহেতু ও দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের কাউকে না কাউকে খুঁজে বের করতেই হবে। সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।’

সুলতানার এই সিদ্ধান্তে কিছুটা অবাক হয়েছে বিসিবি, যদিও জানা গেছে, সাম্প্রতিক সময়ে বোর্ডের আচরণে এই উইকেটকিপার-ব্যাটার হতাশ ছিলেন। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হ্যান্ডশেক নিয়ে বিতর্কের আগে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর সঙ্গে সুলতানার কথা হয়নি বলেও জানা গেছে।

এই প্রথমবার নয় যে সুলতানার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাহানারা আলম অভিযোগ করেছিলেন, ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার করতেন সুলতানা এবং একনায়কতান্ত্রিক ধাঁচে দল পরিচালনার চেষ্টা করতেন তিনি।

নিগারের সাম্প্রতিক ফর্মও তার এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানা গেছে। সমালোচনার জবাব চিরাচরিতভাবে ব্যাট হাতে দিতেন তিনি, তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স আগের মতো ছিল না, যা এশিয়ান গেমসের পর তাকে আরও বেশি সমালোচনার মুখে ফেলতে পারে।

এশিয়ান গেমসের পর বাংলাদেশের কোচিং প্যানেলেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বর্তমান নারী দলের প্রধান কোচ সরোয়ার ইমরানের জায়গায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেক্ষেত্রে এগিয়ে আছেন বাংলাদেশের সাবেক হাই পারফরম্যান্স প্রধান কোচ ডেভিড হেম্প। এর আগে নারী দলের সঙ্গেও কাজ করেছেন হেম্প।

নাহিদা ও সোবহানার বাইরে ভবিষ্যতের জন্য নতুন কোনো তরুণ নেতৃত্ব গড়ে তোলার কথাও ভাবতে পারে বিসিবি। এক্ষেত্রে বিবেচনায় থাকতে পারেন এ দলের সাবেক অধিনায়ক রাবেয়া খাতুন এবং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। তবে এই মুহূর্তে তাদের কাউকে দায়িত্ব দেওয়াটা কিছুটা তাড়াহুড়ো হয়ে যাবে বলে মনে করছে বোর্ডের একাংশ।

শিগগিরই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঠিক করতে হবে বাংলাদেশকে। আগামী ২১ সেপ্টেম্বর জাপানে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচেই হয়তো শেষবারের মতো দলকে নেতৃত্ব দেবেন সুলতানা।

ভারতের বিপক্ষে জয় সুলতানার টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য অভিজ্ঞ বিকল্পের সংখ্যা বিসিবির হাতে সীমিতই মনে হচ্ছে, যেখানে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন নাহিদা ও সোবহানা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম