Logo
Logo
×
   

Advertisement

খেলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে প্রথমবার এক ওভারে টানা ছয় ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং। সংগৃহীত ছবি

Advertisement

ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকানো ব্যাটারের জন্য যেমন বিরল কীর্তি, তেমনি এটি বোলারের জন্যও হয়ে ওঠে এক দুঃস্বপ্নের স্মৃতি। মজার ব্যাপার হলো, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত টানা ছয় বলে ছয় ছক্কা মারার এই অনন্য রেকর্ডের মালিক হয়েছেন ছয় জন ক্রিকেটার। চলুন তাদের নাম জেনে নেওয়া যাক-

যুবরাজ সিং—ভারত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েন ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারের ছয় বলই সীমানার বাইরে পাঠান তিনি।

ডারবানে অনুষ্ঠিত সেই ম্যাচে ব্রডের ১৯তম ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন যুবরাজ। ওই ওভারেই ১২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি, যা দীর্ঘদিন টি-টোয়েন্টি আন্তর্জাতিকের দ্রুততম ফিফটির রেকর্ড ছিল। যুবরাজের সেই ঝোড়ো ব্যাটিংয়ে ভারত ইংল্যান্ডকে ১৮ রানে হারায়।

কাইরন পোলার্ড—ওয়েস্ট ইন্ডিজ

যুবরাজের প্রায় ১৪ বছর পর দ্বিতীয় ব্যাটার হিসেবে একই কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আকিলা ধনঞ্জয়ার এক ওভারে টানা ছয় ছক্কা হাঁকান ক্যারিবীয় এই অলরাউন্ডার।

পোলার্ডের ছয় ছক্কার ফলে ওভারে আসে ৩৬ রান। এর মাধ্যমে তিনি যুবরাজের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মারা দ্বিতীয় ব্যাটার হন।

দীপেন্দ্র সিং আইরি—নেপাল

২০২৪ সালে তৃতীয় ব্যাটার হিসেবে এই তালিকায় নাম লেখান নেপালের দীপেন্দ্র সিং আইরি। এসিসি মেনস টি-টোয়েন্টি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে কামরান খানের করা ইনিংসের শেষ ওভারে ছয় বলে ছয় ছক্কা মারেন তিনি।

মাত্র ২১ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন আইরি। তার ছয় ছক্কার ওভারে নেপাল পায় ৩৬ রান। এর আগে মঙ্গোলিয়ার বিপক্ষেও টানা ছয় ছক্কা মেরেছিলেন তিনি, তবে সেগুলো দুই ওভারে ভাগ হয়ে গিয়েছিল।

দারিয়াস ভিসার—সামোয়া

একই বছর সামোয়ার দারিয়াস ভিসারও এই কীর্তি গড়েন। ভানুয়াতুর বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে নালিন নিপিকোর এক ওভারে ছয় ছক্কা হাঁকান তিনি।

তবে ভিসারের সেই ওভার ছিল আরও বিস্ফোরক। ছয় ছক্কার পাশাপাশি তিনটি নো-বল হওয়ায় ওভার থেকে আসে মোট ৩৯ রান, যা পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। ভিসার শেষ পর্যন্ত ৬২ বলে ১৩২ রান করেন।

মানান বশির—বুলগেরিয়া

২০২৫ সালে এই বিরল তালিকায় যুক্ত হন বুলগেরিয়ার মানান বশির। জিব্রাল্টারের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে তিনি পঞ্চম ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়েন।

কুশল ভুর্তেল—নেপাল

সর্বশেষ এই কীর্তি গড়েছেন নেপালের ওপেনার কুশল ভুর্তেল। ২০২৬ সালের এশিয়ান গেমসের বাছাইপর্বে চীনের বিপক্ষে ম্যাচে চেন ঝুয়ো ইউয়ের করা নবম ওভারের ছয়টি বৈধ বলেই ছক্কা মারেন তিনি।

এই ইনিংসে ভুর্তেল মাত্র ৪৩ বলে ১২৯ রান করেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে নেপাল ২০ ওভারে ৩১৩ রান করে এবং পরে চীনকে ২২১ রানে হারায়। ভুর্তেল হলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মারা ষষ্ঠ ব্যাটার এবং নেপালের দ্বিতীয় খেলোয়াড়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম