সমরকন্দে দাবার বোর্ডে বাংলাদেশের লড়াই
নোশিনের জয়ে উজ্জ্বল মেয়েরা
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সমরকন্দের আকাশে শরতের নরম আলো। প্রাচীন শহরের অলিগলিতে ইতিহাসের গন্ধ, আর তারই পাশে সাজানো দাবার বোর্ডে চলছে মস্তিষ্কের নিঃশব্দ যুদ্ধ। ঘুঁটির টুংটাং শব্দ নেই, নেই গ্যালারির উল্লাস।তবু প্রতিটি চালের ভেতর লুকিয়ে থাকে জয়-পরাজয়ের উত্তাপ। উজবেকিস্তানে বসা ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে সেই লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা এখন দারুণ ছন্দে।
প্রথম রাউন্ডে জয় দিয়ে শুরু। দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী তুরস্কের কাছে হার। তারপর তৃতীয় রাউন্ডে কোত দিভোয়ারকে ৩-১ ব্যবধানে হারিয়ে আবার ঘুরে দাঁড়ানো। চতুর্থ রাউন্ডে সামনে শক্তিশালী স্লোভাকিয়া। ম্যাচের শুরুতেই দুই বোর্ডের লড়াই শেষে বাংলাদেশ এগিয়ে ১.৫-০.৫ পয়েন্টে।
নোশিন আনজুম এদিন সমরকন্দের দাবার ঘরে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নাম। দুর্দান্ত লড়াইয়ে জয় তুলে নিয়ে তিনি দলকে এনে দিয়েছেন পূর্ণ এক পয়েন্ট। আরেক বোর্ডে ওয়ালিজাহ আহমেদের ড্র যোগ করেছে আরও আধা পয়েন্ট। ম্যাচের বাকি দুই বোর্ডের দিকে এখন তাকিয়ে বাংলাদেশের পুরো দল।
প্রথম বোর্ডে ওয়াদিফা খেলছেন ২১১৩ রেটিংয়ের প্রতিপক্ষের বিপক্ষে। অবস্থান এখনো সমতাপূর্ণ। চতুর্থ বোর্ডে নুসরাত জাহান আলো কালো ঘুঁটি নিয়ে লড়ছেন ২১০৫ রেটিংয়ের প্রতিপক্ষের বিপক্ষে,সেখানে বাংলাদেশের দাবাড়ু কিছুটা চাপে।
দলীয় ড্র নিশ্চিত করতে বাকি দুই বোর্ড থেকে প্রয়োজন একটি ড্র। আর ম্যাচ জিততে হলে দরকার দুইটি ড্র অথবা অন্তত একটি জয়। দাবার সৌন্দর্য এখানেই। একটি চাল, একটি ভুল, একটি নিখুঁত পরিকল্পনা মুহূর্তেই বদলে দিতে পারে পুরো ছবিটা।
এই অলিম্পিয়াডে বাংলাদেশের ওপেন দলও কম লড়াকু নয়। দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী তুরস্কের কাছে ১.৫-২.৫ ব্যবধানে হারলেও মনন রেজা নীর, তাহসিন তাজওয়ার জিয়া ও নিয়াজ মোরশেদ তুরস্কের তিন গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে ড্র আদায় করেন। প্রথম বোর্ডে মোহাম্মদ ফাহাদ রহমান হেরে যান ইয়াগিজ কান এরদোগমুশের কাছে।
তৃতীয় রাউন্ডেই অবশ্য ছবিটা পাল্টে যায়। পুয়ের্তো রিকোকে ৩.৫-০.৫ ব্যবধানে হারায় বাংলাদেশ। ফাহাদ রহমান, মনন রেজা নীর ও সাকলাইন মোস্তফা সাজিদ জয় পান; তাহসিন তাজওয়ার জিয়া করেন ড্র।
মহিলা দলও কোত দিভোয়ারকে হারায় ৩-১ ব্যবধানে। নোশিন, ওয়ালিজাহ ও নুসরাত জাহান আলো জয় পান। ওয়ারসিয়া খুশবু অবশ্য হেরে যান।
সমরকন্দের এই অলিম্পিয়াডের পাশেই বাংলাদেশের আরেকটি গল্প লেখা হয়েছে প্রতিবন্ধী দাবার বোর্ডে। তৃতীয় ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিসেবিলিটিজে ৪১ দলের মধ্যে বাংলাদেশ হয়েছে ২৮তম। সাত রাউন্ডে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। শেষ রাউন্ডে চীনকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
সৈয়দ মাহফুজুর রহমান, মোহাম্মদ ওবায়দুল ইসলাম ও মো. আক্তার হোসেন জয় পেয়েছেন; নুরনাহার তনিমা হেরেছেন এন হের কাছে। পোল্যান্ড ১৩ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন, কিউবা ১২ পয়েন্টে রানার্সআপ এবং স্বাগতিক উজবেকিস্তান ১১ পয়েন্টে তৃতীয় হয়েছে।
সমরকন্দের পুরোনো শহর হয়তো নিজের ইতিহাস নিয়ে নিশ্চুপ। দাবার বোর্ডে বাংলাদেশ কথা বলছে চালের পর চালে। কখনও জয়, কখনও হোঁচট। তারপর আবার ঘুরে দাঁড়ানো।
