চেন্নাইয়ের প্রধান কোচ হলেন জহির খান
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক তারকা পেসার জহির খান।
২০২৭ মৌসুম সামনে রেখে জহির খানকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালনের পর স্টিফেন ফ্লেমিং সরে দাঁড়ানোয় তার জায়গায় আসছেন জহির।
খেলোয়াড়ি জীবনে ১৪ বছরের ক্যারিয়ার ছিল জহিরের। ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। তবে চেন্নাইয়ে যোগ দিয়ে প্রথমবারের মতো কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই বাঁহাতি পেসার।
এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসে ক্রিকেট পরিচালক ও গ্লোবাল হেড অব ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। পরে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে লখনউয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়।
চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব পেয়ে জহির খান বলেন, আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলের অংশ হতে পারা সম্মানের। ক্রিকেটার হিসেবে মাঠে চেন্নাইয়ের মুখোমুখি হয়েছি এবং সেই লড়াইগুলো দারুণ উপভোগ করেছি। চিপকে সুপারফ্যানদের তৈরি করা পরিবেশও দলটিকে বিশেষ করে তোলে। সমৃদ্ধ ইতিহাসের এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে আর তর সইছে না।
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন জহির খান। ১০০ ম্যাচে তার উইকেট ১০২টি। ২০১০ ও ২০১১ সালে আইপিএলের ফাইনালেও খেলেছেন তিনি, দুবারই প্রতিপক্ষ ছিল সিএসকে।
