Logo
Logo
×
   

Advertisement

খেলা

রদ্রিকে ‘স্প্যানিশ ফুটবলের মেসি’ বললেন স্পেনের কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

রদ্রিকে ‘স্প্যানিশ ফুটবলের মেসি’ বললেন স্পেনের কোচ

Advertisement

রদ্রির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানো এই স্প্যানিশ মিডফিল্ডারকে তুলনা করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে।

দে লা ফুয়েন্তের বিশ্বাস, নিজের সামর্থ্য ও ফুটবলীয় গুণের কারণে যেকোনো দল কিংবা পরিস্থিতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারবেন রদ্রি।

২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রদ্রি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের গোল্ডেন বলও জেতেন তিনি। বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়ে নতুন করে আলোচনায় আসেন স্পেনের এই তারকা।

রেডিও মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রির বার্সেলোনায় মানিয়ে নেওয়া নিয়ে কোনো ধরনের সংশয় প্রকাশ করেননি দে লা ফুয়েন্তে। বরং স্পেন কোচের মতে, নিজের পজিশনে বিশ্বের সেরাদের একজন রদ্রি।

তিনি বলেন, ‘রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি। তাই যেকোনো দল কিংবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য সহজ হবে। নিজের পজিশনে সে বিশ্বের সেরা।’

স্প্যানিশ ফুটবলারদের দেশের শীর্ষ লিগে ফিরে আসার বিষয়টিকেও ইতিবাচকভাবে দেখছেন দে লা ফুয়েন্তে। তার মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের স্প্যানিশ ক্লাবগুলোর হয়ে খেলতে দেখা গেলে লা লিগার প্রতিযোগিতামূলক মান ও মর্যাদা আরও বাড়বে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি আনন্দিত যে এই অসাধারণ ফুটবলাররা লা লিগায় খেলছে। এতে লিগ আরও সমৃদ্ধ হচ্ছে। বিশ্বের সেরা খেলোয়াড়রা, যারা আমাদেরই ফুটবলার, তারা স্প্যানিশ ক্লাবগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে। যারা এখনো বিদেশে আছে, তারাও যদি ফিরে আসে, তাহলে নিজেদের সামর্থ্য, প্রতিভা ও ফুটবলীয় দক্ষতা দেখানোর সুযোগ পাবে।’

সাক্ষাৎকারে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের প্রসঙ্গও উঠে আসে। আর্জেন্টিনার হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেওয়া মেসির প্রতি শুভকামনা জানিয়েছেন স্পেনের কোচ। একই সঙ্গে তার মতে, ফুটবলে মেসির অবদান ও অর্জনকে যথাযথভাবে মূল্যায়ন করা অত্যন্ত কঠিন।

দে লা ফুয়েন্তের ভাষায়, ‘ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, একজন কিংবদন্তির প্রতি আমার মুগ্ধতা, তাকে জানার অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা থেকেই বলছি—দেরিতে কেউ অবসর নিলে সাধারণত তার অর্জনগুলো আরও ভালোভাবে মূল্যায়ন করা যায়। কিন্তু মেসির ক্ষেত্রে তেমনটা হবে না।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম