বিশ্বকাপের হতাশা ভুলে নতুন উদ্যমে মাঠে নামছে ব্রাজিল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে পথচলা শুরু করতে যাচ্ছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দল পুনর্গঠনের এই সময়ে দুই দলের সামনে বড় পরীক্ষা। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি, অন্যদিকে অস্ট্রেলিয়ার ডাগআউটে টনি পপোভিচ। বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে দুই দলই নামছে একাধিক পরিবর্তন নিয়ে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টাউনসভিলে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই দলের দ্বিতীয় ম্যাচটি হবে আগামী মঙ্গলবার ব্রিসবেনে। বিশ্বকাপ শেষ হওয়ার পর এটিই দুদলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
সর্বশেষ বিশ্বকাপে শেষ ৩২-এর পর্বেই অস্ট্রেলিয়ার যাত্রা থেমেছিল। অন্যদিকে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। নরওয়ের কাছে অপ্রত্যাশিত হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। তাই আসন্ন দুই ম্যাচকে শুধু প্রস্তুতিমূলক লড়াই হিসেবে দেখছে না কোনো দলই; বরং নতুন খেলোয়াড় ও কৌশল যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও দেখছে।
বিশ্বকাপের পর ব্রাজিল দলে বড় ধরনের পরিবর্তন আনার আভাস আগেই দিয়েছিলেন আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ এবং আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে বিশ্বকাপের স্কোয়াড থেকে রাখা হয়েছে মাত্র ৯ জনকে। অন্যদিকে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ১০ ফুটবলার।
চেলসির তরুণ ফরোয়ার্ড হোয়াও পেদ্রো ও এস্তেভাওকে দলে ফিরিয়েছেন আনচেলত্তি। পাশাপাশি নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন গোলরক্ষক পেদ্রো মরিসকো ও ওতাভিও, ডিফেন্ডার মাউরো জুনিয়র এবং মিডফিল্ডার ব্রেনো বিদন ও গ্যাব্রিয়েল বন্তেম্পোসহ বেশ কয়েকজন।
তবে পুরোপুরি তরুণদের ওপর নির্ভর করছেন না ব্রাজিল কোচ। আক্রমণভাগে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। মাঝমাঠে আর্সেনালের ব্রুনো গুইমারেসের সঙ্গে রক্ষণভাগে দায়িত্ব সামলাবেন গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মারকিনিওস।
অস্ট্রেলিয়ার স্কোয়াডেও দেখা গেছে বড় পরিবর্তন। বিশ্বকাপের দলে থাকা ১০ খেলোয়াড় এবার জায়গা পাননি। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক ম্যাট রায়ান। নেই ফরোয়ার্ড ক্রিস্টিয়ান ভলপাটোও। চলতি মাসে কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ার পর জরিমানার মুখে পড়েছিলেন তিনি।
পপোভিচের ২৫ সদস্যের দলে প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা সাত খেলোয়াড় জায়গা পেয়েছেন। তবে চোটের কারণে দলে নেই নরউইচ সিটির স্ট্রাইকার মোহামেদ তোরে, যিনি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে ছিলেন।
বিশ্বকাপ-পরবর্তী নতুন বাস্তবতায় দুই দলই এখন ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছে। অস্ট্রেলিয়ার সামনে জানুয়ারি-ফেব্রুয়ারিতে রয়েছে এশিয়ান কাপ। তার আগে ব্রাজিলের বিপক্ষে দুটি ম্যাচ নতুন খেলোয়াড় ও কৌশল যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে। অন্যদিকে আনচেলত্তির ব্রাজিলও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচগুলো কাজে লাগিয়ে নতুন দলটির শক্তি ও সম্ভাবনা যাচাই করতে চাইবে।

