ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফিফার নেতৃত্ব, সুশাসন ও নীতিনির্ধারণী কাঠামো নিয়ে সমালোচনা যখন বাড়ছে, তখন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় বড় ধরনের সংস্কারের দাবি তুলেছে ইউরোপের শীর্ষ চার লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি আ ও স্প্যানিশ লা লিগা যৌথভাবে জানিয়েছে, ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ফুটবলসংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন।
শুক্রবার দেওয়া এক যৌথ বিবৃতিতে চার লিগ বলেছে, ফিফায় কার্যকর জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংস্থাটির সাংবিধানিক ক্ষমতার স্পষ্ট সীমারেখা নির্ধারণ এবং নিয়ন্ত্রক ও বাণিজ্যিক কার্যক্রমকে আলাদা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে তারা।
চলতি বছরের শুরুতে ব্যাপক সমালোচনার মুখে ফিফার বাণিজ্যিক কার্যক্রমে বাইরের বিনিয়োগ আনার পরিকল্পনা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ বাতিল করতে হয়েছিল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। সেই ঘটনার পর ইউরোপের প্রভাবশালী চার লিগের এটি প্রথম বড় ধরনের যৌথ উদ্যোগ।
বিবৃতিতে চার লিগ ফুটবলের মূল ভিত্তি হিসেবে খেলোয়াড়, সমর্থক, ক্লাব ও স্থানীয় লিগগুলোর ভূমিকার কথা উল্লেখ করেছে। তাদের ভাষায়, বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ হলেও সপ্তাহজুড়ে পূর্ণ স্টেডিয়াম ও স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততার মধ্যেই খেলাটির প্রকৃত ভিত্তি গড়ে ওঠে।
ফিফার বর্তমান কাঠামোর সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে দুর্বল সুশাসনের কারণে ফুটবলের দীর্ঘদিনের ঐতিহ্য ও ভিত্তি হুমকির মুখে পড়েছে। তাদের দাবি, খেলাটির স্বার্থ রক্ষার পরিবর্তে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যা ফুটবলসংশ্লিষ্টদের উদ্বেগ বাড়িয়েছে। স্টেকহোল্ডারদের চাপের মুখে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা বাতিল হলেও, যে কাঠামোগত দুর্বলতার কারণে এমন উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল, তা এখনো রয়ে গেছে বলে মনে করছে লিগগুলো।
আগামী বছর ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। এমন সময়ে ইউরোপের শীর্ষ চার লিগের এই যৌথ অবস্থান ফিফার ওপর নতুন করে চাপ তৈরি করেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়ানো ও নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে কয়েক বছর ধরেই ফিফার সঙ্গে ইউরোপের শীর্ষ লিগগুলোর টানাপোড়েন চলছে। ক্লাব ও ঘরোয়া লিগ কর্তৃপক্ষের অভিযোগ, ফিফার আয়োজিত প্রতিযোগিতার সংখ্যা ও ব্যস্ততা বাড়তে থাকায় ফুটবলারদের ওপর শারীরিক ও মানসিক চাপও বাড়ছে। তাদের মতে, এর প্রভাব পড়ছে ঘরোয়া প্রতিযোগিতার আকর্ষণ এবং বাণিজ্যিক মূল্যেও।

