Logo
Logo
×

Advertisement

খেলা

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

Advertisement

ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। ভারতীয় এই তারকা ক্রিকেটার ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন।

ইতোমধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৬২ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৮৫টি সেঞ্চুরির সাহায্যে ২৮ হাজার ৩৫৯ রান সংগ্রহ করেছেন।

ভারতের হয়ে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পাশাপাশি অসংখ্য সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কোহলি। ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে চলে যাওয়ায় ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। খেলছেন শুধু ওয়ানডে ফরম্যাটে।

আগামী বছরের ৪ থেকে ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এই আসন্ন টুর্নামেন্টে খেলেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান বিরাট কোহলি।

৩৮ বছর ছুঁই ছুঁই এই তারকা ক্রিকেটার বলেন, ‘সামনের বিশ্বকাপ হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলবে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’

২০২৩ সালে সর্বশেষ বিশ্বকাপে সর্বোচ্চ রান (৭৬৫) সংগ্রহ করা এই তারকা ক্রিকেটার আরও বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ, এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ জুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’

ওয়ানডে বিশ্বকাপে এ পর্যন্ত ৩৭ ম্যাচ খেলেছেন কোহলি। ৩৭ ইনিংসে ৫৯.৮৩ গড়ে করেছেন ১,৭৯৫ রান। সেঞ্চুরি ৫টি, ফিফটি ১২টি। বিশ্বকাপে টেন্ডুলকারের সর্বোচ্চ রানের (২২৭৮) রেকর্ড ভাঙতে আর ৪৮৪ রান চাই কোহলির।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে কোহলি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম