৭০০ মিলিয়ন ইউরো আয়ের সুযোগ বার্সেলোনার
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন করে ২ হাজার ভিআইপি আসনের দীর্ঘমেয়াদি লাইসেন্স বিক্রি করে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো আয়ের প্রত্যাশা করছে লা লিগার ক্লাব বার্সেলোনা। নতুনভাবে সংস্কার করা ক্যাম্প ন্যু থেকেই এই বিপুল অঙ্কের রাজস্ব আয়ের পরিকল্পনা তাদের।
বার্সেলোনা জানিয়েছে, নতুন ভিআইপি আসনগুলো ১৫ ও ৩০ বছর মেয়াদি লাইসেন্সের আওতায় বিক্রি করা হবে। ক্রেতাদের চুক্তির শুরুতেই অর্থ পরিশোধ করতে হবে। আগামী আড়াই মৌসুমের মধ্যে সব কটি আসন বিক্রি হয়ে যাবে বলে আশা করছে ক্লাবটি।
তবে ৭০০ মিলিয়ন ইউরোর পুরো অর্থ একবারে আয় হবে না। চুক্তির পুরো মেয়াদজুড়ে এই অর্থ থেকে রাজস্ব পাবে বার্সেলোনা। ভিআইপি আসন বিক্রির পরিকল্পনা অবশ্য বার্সেলোনার জন্য নতুন নয়। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ৩০ বছরের জন্য ৪৭৫টি ভিআইপি আসনের চুক্তি করেছিল তারা। ওই চুক্তির মূল্য ছিল ১০০ মিলিয়ন ইউরো।
এরই মধ্যে প্রায় ৫ হাজার ভিআইপি আসন বাণিজ্যিকভাবে বিক্রি করেছে বার্সেলোনা। এসব আসন থেকে চুক্তির আওতায় ৩৮০ মিলিয়ন ইউরোর বেশি আয় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ক্লাবটি। তবে আসনগুলোর লাইসেন্সের মেয়াদ ভিন্ন।
সবকিছু ঠিকঠাক এগোলে ক্যাম্প ন্যুর সংস্কারকাজ ২০২৮-২৯ মৌসুমে পুরোপুরি শেষ হওয়ার কথা। ফলে স্টেডিয়ামের নতুন ভিআইপি বাণিজ্য শুধু আসন বিক্রির উদ্যোগ নয়, বার্সেলোনার দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
