Logo
Logo
×

Advertisement

খেলা

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব চেয়ারম্যান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ এএম

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব চেয়ারম্যান

Advertisement

প্রিমিয়ার লিগের সঙ্গে চলমান আইনি বিরোধের মধ্যে ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক জানিয়েছেন, ক্লাবের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অভিযোগগুলোর বিরুদ্ধে লড়াই করে নিজেদের নির্দোষতা প্রমাণের বিষয়ে ক্লাবের আত্মবিশ্বাস ও প্রচেষ্টা আগের মতোই রয়েছে বলেও জানান তিনি।

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মোট ১১৫টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে একটি ছাড়া বাকি অভিযোগগুলোতে ক্লাবটিকে দায়ী করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

শুক্রবার এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি রায়ের বিষয়টি অস্বীকার করেনি। তবে ক্লাব জানিয়েছে, পুরো আইনি প্রক্রিয়া এখনো চলমান। এ বিষয়ে ইএসপিএনের পক্ষ থেকে জানতে চাইলে প্রিমিয়ার লিগও কোনো মন্তব্য করেনি। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি ব্যক্তিগত ও গোপনীয় প্রক্রিয়ার আওতাধীন।

চেয়ারম্যান খালদুন বলেন, অনেকেই দ্রুত নিজেদের মতো করে সিদ্ধান্তে পৌঁছে গেলেও ক্লাবের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। অতীতেও তারা নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেছে এবং এবারও একইভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান আরও বলেন, ক্লাবের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে চায়—এমন অনেকেই রয়েছে। তবে তাদের সেই সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক বিরতির পর দলের সামনে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে বলেও উল্লেখ করেন খালদুন। বিরতি শেষে অ্যানফিল্ডে ম্যাচ খেলার পর ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হবে সিটি। এসব ম্যাচ ম্যানচেস্টার সিটি পরিবারের শক্তি ও সমর্থকদের উদযাপনের সুযোগ তৈরি করবে বলে জানান তিনি। একই সঙ্গে সমর্থকদের ধারাবাহিক ও অক্লান্ত সমর্থনের জন্য ধন্যবাদ জানান ক্লাব চেয়ারম্যান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম