সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফিফা আসিয়ান কাপে সময়টা ভালো কাটেনি বাংলাদেশের। যার শেষটা হয়েছে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের হারে। এই হারের কিছুক্ষণ পরই ইন্দোনেশিয়ান এক নারীর পোস্ট থেকে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় নাইটক্লাবসদৃশ এক জায়গায় গানের তালে তালে নাচছিলেন বাংলাদেশ দলের ডিফেন্ডার সাদ উদ্দিন, আরেকটি ছবিতে উপস্থিত ছিলেন জুনিয়র সোহেল রানাও।
এই ছবি ছড়িয়ে পড়তেই তোপের মুখে পড়ে যান দুই খেলোয়াড়। এর কিছুক্ষণ পর সেই নারী দুটি ছবি ও ভিডিও ডিলিট করে দেন। বিষয়টি চোখে পড়েছে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুরও। আজ একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন তার প্রতিক্রিয়া।
বাবু জানান, রাতের খাবার খেয়ে সব খেলোয়াড় নিজ নিজ রুমে ফিরে যান। এরপরের দিনই দেশে ফেরার কথা ছিল পুরো দলের। বাবুর ভাষ্য, ‘রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারা রাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।’
ঘটনার সত্যতা নিশ্চিত হলে শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তার কথা, ‘যদি তারা এমন কিছু করে থাকে, তাহলে আমাদের শৃঙ্খলা কমিটি আছে। আমরা আমাদের দিক থেকে ব্যবস্থা নেব।’
ঘটনার সূত্রপাত একটি এক্স পোস্ট থেকে। আলানা নামের এক ইন্দোনেশিয়ান নারী এক্সে পোস্ট দিয়ে লেখেন, ‘বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।’
এর পরপরই অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন তিনি। অন্য এক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হলে তাকে তা ডিলিট করতে অনুরোধ করেন। তা না মানা হলে তিনি আইনের আশ্রয় নেওয়ার হুমকিও দিয়েছিলেন।
