ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান গেমসের ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেখানে ভারত ছড়ি ঘুরিয়েছে রীতিমতো। নিজেদের প্রথম ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে। ৬ উইকেট খুইয়ে তুলেছে ২১১ রান। আর তাতে গড়ে ফেলেছে এমন এক রেকর্ড যা এশিয়ান গেমসের ইতিহাসে আর কখনো হয়নি।
টস জিতে ব্যাট করতে নেমেছিল ভারত। বৈভব সূর্যবংশী অবশ্য আলো ছড়াতে পারেননি, আউট হয়েছেন ৯ বলে ১৫ রান করে। সাইম আইয়ুবের বলে তিনি উসমান খানের হাতে ক্যাচ দেন। দলের রান তখন ২৮। এরপর সঞ্জু স্যামসনও ৪ বলে ২ রান করে ফেরেন। আহমেদ দানিয়ালের বলে তার ক্যাচ ধরেন আরাফাত মিনহাস। ৫১ রানে ভারত দুই উইকেট হারায়।
এরপর হাল ধরেন অভিষেক শর্মা। তার ২৮ বলে ৬১ রানের ইনিংসে প্রাণ ফিরে পায় ভারতের ইনিংস। তবে দলের রান যখন ৯৩, তখন বিদায় নেন তিনি। তার বিদায়ের পর মাঝের ওভারে রানের গতি কিছুটা কমে যায় দলের। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও খুব বেশি সুবিধা করতে পারেননি, ২৪ বলে ২১ রান করে ফেরেন তিনি। ইশান কিশানের দশাও তথৈবচ, ১৮ বলে ২০ রান করেন তিনি। ১৪ ওভার শেষে ভারতের রান ছিল ১৩৩।
এরপরই বদলে যায় দলের চেহারা। তিলক ভার্মা ২২ বলে অপরাজিত ৫১ রান করেন। শিভম দুবেও দ্রুত ২৭ রান করেন ১৫ বলে। শেষ পাঁচ ওভারে ভারত তোলে ৭৪ রান। এই সময় তারা হারায় মাত্র একটি উইকেট।
আর তাতেই ভারত জড়ো করে ২১১ রানের বিশাল পুঁজি। তাতে দলটি ভেঙে দেয় এশিয়ান গেমসের ফাইনালে সর্বোচ্চ রান করার রেকর্ড। ২০২৩ এশিয়ান গেমসের ফাইনালে আফগানিস্তান ১১২ রান। সেটি ভেঙে যায় ইনিংসের মাঝপথেই।
এরপর ভারত প্রথম দল হিসেবে গড়ে এশিয়ান গেমসের ফাইনালে ২০০ রান করার রেকর্ড। পাকিস্তান এখন তাদেরই সেই রেকর্ড ভেঙে দিতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ২০ ওভারে ২১১/৬ (অভিষেক ৬১, তিলক ৫১*, দুবে ২৭, আইয়ার ২১, কিশান ২০; আরাফাত ২/২৫, দানিয়াল ২/৪৩, আবরার ১/২৯, সাইম ১/৪৭)।
