ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়ে প্রশ্নের মুখে বাংলাদেশি আম্পায়ার
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম
সংরিহিত
|
ফলো করুন |
|
|---|---|
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে আলোচনার কেন্দ্রে বাংলাদেশের আম্পায়ার শারফুদ্দৌলা সৈকত। নিউ চণ্ডীগড়ের পিসিএ স্টেডিয়ামের এই ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন তিনি। তার একটি সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটপাড়ায় ঝড় উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফেন রাদারফোর্ড সিদ্ধান্তে নিজের ক্ষোভও লুকাননি।
ঘটনাটি ঘটে ৩০তম ওভারের শেষ বলে। বল করছিলেন নামান ধির। তিনি রাদারফোর্ডের মুম্বাই ইন্ডিয়ান্সের সতীর্থ। অফ স্পিনারের বলে কাট করতে গিয়েছিলেন বাঁহাতি রাদারফোর্ড। উইকেটের পেছনে বল ধরেন লোকেশ রাহুল। এরপর তিনি ক্যাচের আবেদন করেন। মাঠের আম্পায়ার আঙুল তোলেন। রাদারফোর্ড সঙ্গে সঙ্গে রিভিউ নেন।
রিপ্লেতে বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় একটি স্পাইক দেখা যায়। সিদ্ধান্ত যায় সৈকতের কাছে। তিনি মাঠের সিদ্ধান্ত বদলাননি। রাদারফোর্ড এতে খুশি হননি। তিনি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করেন। ২৫ বলে ২৪ রান করে তাকে ফিরতে হয়।
ক্রিকেটপ্রেমীদের অনেকে রাদারফোর্ডের পক্ষে কথা বলেছেন। তাদের মতে, স্পাইক এসেছে ব্যাট প্যাডে লাগার কারণে। একই সঙ্গে ব্যাট ও বলের মাঝে ফাঁকও দেখা গিয়েছিল।
সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া এক্সে লিখেছেন, ‘ওটা নট আউট ছিল। ব্যাট প্যাডে লেগেছে।’
সাংবাদিক বিক্রান্ত গুপ্ত লিখেছেন, ‘শেরফেন রাদারফোর্ড নট আউট ছিলেন। টিভি আম্পায়ার কীভাবে ‘দেখতে পেলেন না’ বল আর ব্যাটের কিনারার মধ্যে কোনো ফাঁক, অথচ একই টিভিতে আমরা সবাই স্পষ্ট ফাঁক দেখলাম। স্নিকোতে ব্যাট প্যাডে লাগার চিত্র ছিল। খারাপ সিদ্ধান্ত।’
এই সিদ্ধান্তের পরও ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৩৫২ রানের বড় লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জেতে। ১০ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে তারা। প্রথম দুই ম্যাচ হেরেছিল সফরকারীরা। তাই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক ভারত।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ১৪৩ বলে অপরাজিত ১৬২ রান করেন। আগে ব্যাট করে ভারত তোলে ৩৫১ রান। লোকেশ রাহুল ৮৭ বলে অপরাজিত ১২৯ রান করেন। রোহিত শর্মা ৮৫ বলে করেন ৯২। রুতুরাজ গায়কোয়াড় করেন ৫৭।
