|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল মাঠের পর এবার অ্যানিমেটেড সিরিজের জগতে নাম লেখালেন লিওনেল মেসি। স্পেনের ‘কমিক-কন মালাগা’ উৎসবে দর্শকদের সামনে প্রকাশ করা হয়েছে মেসির প্রযোজনায় নির্মিত নতুন অ্যানিমেটেড সিরিজ ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর টিজার।
টিজারের শুরুতে দেখা যায়, ১২ বছর বয়সি শিশু ‘লিও’ হঠাৎ তার কম্পিউটারের পর্দার ভেতরে ঢুকে পড়ে। এরপর সে চলে যায় দৈত্যদের নিয়ন্ত্রিত এক অচেনা ও রোমাঞ্চকর কাল্পনিক জগতে। সিরিজের কেন্দ্রীয় চরিত্র লিওর কণ্ঠ দিয়েছেন আর্জেন্টাইন অভিনেতা মাইলো বার্জেস-ওয়েব।

টিজারে সিরিজটির আবহসংগীতেরও আভাস পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে আর্জেন্টাইন সংগীতশিল্পী লাক রার গাওয়া নতুন থিম সং ‘ভামোস, ভামোস, ভামোস’।
গল্পে ‘ইকো’ নামের এক অদ্ভুত ও বিভক্ত জগতে আটকে যায় লিও। সেখানে কোনো বিশেষ কৌশল বা ‘চিট-কোড’ ব্যবহার করার সুযোগ না থাকায় তাকে টিকে থাকা এবং নিজের বাড়িতে ফেরার পথ খুঁজে বের করতে নির্ভর করতে হয় সতীর্থদের সঙ্গে বোঝাপড়া ও ফুটবল দক্ষতার ওপর। কঠিন সব ফুটবল লড়াইয়ে জয় পাওয়াই হয়ে ওঠে তার ঘরে ফেরার একমাত্র পথ।
বিশ্বজুড়ে দর্শকরা ২০২৭ সালের গ্রীষ্মে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে সিরিজটি দেখতে পারবেন। আর যুক্তরাষ্ট্রে এটি সম্প্রচারিত হবে ডিজনি চ্যানেলে।
