আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জ্বরের কারণে এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তবে এখন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত তিনি।
ম্যাচটি সামনে রেখে সোমবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি হিসেবে বর্তমানে দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। শান্ত অনুপস্থিত থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
শান্তকে নিয়ে অবশ্য আশাবাদী প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানান, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে শান্তর খেলার সম্ভাবনা রয়েছে। জ্বরের পর শরীর কিছুটা দুর্বল হয়ে পড়লেও বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে।
জ্বরে আক্রান্ত হওয়ার পর জাপানে হোটেলেই থাকতে হয়েছিল শান্তকে। অসুস্থতার কারণে বাইরে যেতে না পারায় খাবার নিয়েও সমস্যায় পড়েছিলেন তিনি। তবে বর্তমানে শান্ত অনেকটাই সুস্থ এবং সামগ্রিকভাবে ভালো অবস্থায় আছেন।
আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। ম্যাচটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এরপর সংযুক্ত আরব আমিরাতেই শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ওই সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে।

