মেসির বিদায়ী ম্যাচে যে কারণে লালকার্ড দিলেন রেফারি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে রাতটিকে আরও স্মরণীয় করে রেখেছেন কিংবদন্তি এই ফুটবলার।
তবে ম্যাচ শেষে ঘটে গেল আরও অদ্ভুত এক ঘটনা-মেসির হাতে লাল ও হলুদ কার্ড তুলে দেন রেফারি ফার্নান্দো ভেহার। তবে এটি কোনো শাস্তি ছিল না। বরং মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মারক হিসেবে কার্ড দুটি তাকে উপহার দেন চিলির এই রেফারি।
ম্যাচ শেষে আর্জেন্টিনা ও বেনিনের খেলোয়াড়রা মেসিকে ঘিরে বিদায়ী শুভেচ্ছা জানান। সেই সময় রেফারি ভেহার মেসির হাতে ম্যাচে ব্যবহৃত হলুদ ও লাল কার্ড তুলে দেন। শুধু তাই নয়, ম্যাচের বলটিও মেসিকে স্মারক হিসেবে দেন তিনি।
এই উপহারের সঙ্গে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি অদ্ভুত যোগসূত্রও রয়েছে। ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল তার। বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তরুণ মেসিকে।
দুই দশকের বেশি সময় পর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে সেই লাল কার্ডই যেন অন্য অর্থে ফিরে এল- এবার শাস্তি হিসেবে নয়, স্মারক হিসেবে। সঙ্গে যোগ হলো হলুদ কার্ডটিও।
বিদায়ী ম্যাচে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসিকে ঘিরে ছিল আবেগঘন পরিবেশ। ম্যাচের ১০ মিনিটে গ্যালারির দর্শকেরা দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে সম্মান জানান। বেনিনের খেলোয়াড়রাও মেসির কাছে গিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।
মাঠেও নিজের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখেন ৩৯ বছর বয়সী মেসি। নিকোলাস ওতামেন্দির করা প্রথম গোলে অ্যাসিস্ট করেন তিনি। এরপর নিকো পাজকে দিয়ে দ্বিতীয় গোল করান। পরে পেনাল্টি থেকে নিজেই গোল করে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই ফুটবল মহাতারকা জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে করেছেন ১২৬ গোল। আর্জেন্টিনাকে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

-6ac6066d24fb5.jpg)