প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অঘটনের রাত! প্রিমিয়ার লিগে গত রাতে যা ঘটল, তার খেতাবটা এমন হলেই যেন বেশি মানায়। টানা ৭ ম্যাচ জিতে ম্যানচেস্টার সিটি পা রেখেছিল ভিলা পার্কে। সেখান থেকে ফিরতে হলো অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরে গিয়ে। এটা ইংল্যান্ড সময়ে বিকালের ঘটনা। রাত গড়াতে ঘটল আরেক ‘অঘটন’। শীর্ষ তিনে ওঠার হাতছানি থাকা চেলসিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম। তবে এত অঘটনের রাতে স্বাভাবিক ফলাফল নিয়েই মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। কোচ মিকেল আর্তেতার দল ২-০ গোলে হারিয়েছে এভারটনকে।
একটু খেয়াল করলে অবশ্য দুটো ম্যাচের কোনোটিকেই ‘অঘটন’ বলা চলে না। এই গেল মে মাসেও এই ভিলা পার্কে এই একই ব্যবধানে হেরেছিল পেপ গার্দিওলার দল। সেই একই মাঠে নতুন কোচের অধীনেও পুরোনো ফলাফলটাই ঝুলিতে ঢুকল সিটির। ওদিকে নগর প্রতিদ্বন্দ্বী চেলসিকে টটেনহ্যাম হারাবে, এখানে অঘটনের কী আছে?
আছে। কারণ এই চার দলের ‘কনটেক্সট’। সিটির হিসেবটাই সামনে আনা যাক। এই ম্যাচে তারা মাঠে নেমেছিল একটা রেকর্ডের ‘বোঝা’ কাঁধে করে। নতুন কোচ এনজো মারেস্কার অধীনে টানা ৭ ম্যাচ জিতেছিল দলটা, যার একটা আবার ছিল লিভারপুলের বিপক্ষে। নতুন কোচের অধীনে টানা ৭ ম্যাচ জয়ের কীর্তি কোনো দলই গড়তে পারেনি প্রিমিয়ার লিগে। সে রেকর্ডটাই গড়ে বসেছিল সিটি।
ওদিকে অ্যাস্টন ভিলা? চলতি মৌসুমের শুরুতে একগাদা খেলোয়াড় হারিয়ে বসেছিল কোচ উনাই এমেরির দল। এমিলিয়ানো মার্তিনেজ থেকে শুরু করে মরগান রজার্স, দনিয়েল মালেন, এজরি কনসা, লুকা দিনিয়ে, ইউরি তিয়েলেমান্স, ওলি ওয়াটকিন্স… তাদের হারানোর মিছিলটা বেশ বড়ই ছিল। সেই দলটা নিয়েও অবশ্য ভালো লড়াই করছে ভিলা। বর্তমানে আছে ৬ নম্বরে, সেটা অবশ্য ম্যাচ জেতার পর।
ম্যাচের আগে দলটা ছিল প্রিমিয়ার লিগের মিড টেবিলে। তারা যে জয় নিয়ে মাঠ ছেড়েছে, তার অবদান নিকলাস জ্যাকসনের। ইউরোপের ফুটবলে শেষ কয়েক মৌসুমে তিনি খেলেছিলেন চেলসি, বায়ার্ন মিউনিখের মতো দলে। তবে পারফর্ম করার বদলে তিনি পরিণত হয়েছিলেন রীতিমতো ‘মিম ম্যাটেরিয়ালে’। সেই তিনি শেষ পর্যন্ত কাল করলেন জোড়া গোল। মাঝে একটা গোল আর্লিং হালান্ড করেছিলেন, যা সিটিকে আশাও দেখিয়েছিল। কিন্তু শেষমেশ তার দ্বিতীয় গোল ভিলাকে এনে দেয় দারুণ এক জয়, তুলে আনে পয়েন্ট তালিকার শীর্ষ ছয়ে।
ওদিকে টটেনহ্যাম এই মৌসুমে অবনমিতই হয়ে যায় কি না, তা নিয়েও প্রশ্ন আছে সমর্থকদের মনে। রবের্তো দে জেরবির অধীনেও পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছিল না দলটা। চেলসির মুখোমুখি হওয়ার আগে একটা ম্যাচ জিতেছিল বটে, কিন্তু প্রতিপক্ষ যখন শীর্ষ চারে থাকা দারুণ ফর্মের দল, তখন স্পার্সরা কী করবে, সেটাও দেখার বিষয়ই ছিল।
সেই স্পার্স গতকাল রীতিমতো চমকে দিয়েছে চেলসিকে। ম্যাচের শেষ ১৫ মিনিটের আগ পর্যন্ত ম্যাচটা সমতায় থাকলেও সে সমতা ভেঙে যায় ৭৭ মিনিটে। নিজেদের জালে বল জড়ান চেলসির মাইক পেন্ডার্স, সেটাই যেন দলটাকে নাড়িয়ে দিল। এর তিন মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোল পামার। কাজটা আরও কঠিন হয়ে যায় চেলসির। ৮৭ মিনিটে গোল করে চেলসির দুর্দশা আরও বাড়ান মাথিস তেল। ২-০ গোলে জেতে টটেনহ্যাম।
এই হারের পরও চেলসি অবশ্য শীর্ষ চারেই আছে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ওদিকে টটেনহ্যাম টানা ২ জয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার ১২-তে।
এই দিনের অন্য ম্যাচে আর্সেনাল এজরি কনসা আর গাব্রিয়েল মাগালায়েশের গোলে জয় তুলে নিয়েছে এভারটনের বিপক্ষে। ৮ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দুইয়ে, অষ্টম ম্যাচে প্রথম হারের কবলে পড়া সিটি আছে শীর্ষেই, দুটি দলের পার্থক্য গড়ে দিয়েছে গোল ব্যবধান। বর্তমানে সিটির গোল ব্যবধান +১১ আর আর্সেনালের +৮।
