পাকিস্তান সফর বাতিলে কারা ষড়যন্ত্র করেছে জানালেন আফ্রিদি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিদেশি দলগুলোকে পাকিস্তান সফরে না যেতে যারা ষড়যন্ত্র করে আসছে তাদের মুখোশ উন্মোচন করলেন কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।
১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে নিরাপত্তার হুমকির কথা বলে হঠাৎ করেই সফর বাতিল করে পরদিন পাকিস্তান ছাড়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
কিউইদের এমন সিদ্ধান্তে বড় ক্ষতি হয়ে গেল পাকিস্তানের। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান সফরে যেতে সাহস পাচ্ছে না বিদেশি দলগুলো। পাকিস্তানে পুরোদমে ক্রিকেট ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সম্প্রতি নিউজিল্যান্ড সফর বাতিল করায় আবারো হুমকির মধ্যে পড়ে গেলে পাকিস্তানে ক্রিকেট খেলা। নিউজিল্যান্ডের দেখাদেখি পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড ক্রিকেট দলও।
নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, আমরা সবাই জানি কোনো দল সফরে আসার আগেই নিরাপত্তা টিম পাঠিয়ে সবকিছু যাচাই-বাছাই করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড ক্রিকেট দলও সফরে আসার আগে সেটিই করেছে। কিন্তু সফরে এসে তাদের এভাবে চলে যাওয়া আদৌ ঠিক হয়নি।
পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার আরও বলেন, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তান সফরে এভাবে চলে যাওয়াটা ক্ষমার অযোগ্য অপরাধ। যদি কোনো সম্ভাব্য হুমকি থাকত তাহলে তারা পিসিবির সঙ্গে আলাপ করতে পারত। তখন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বিষয়টি খতিয়ে দেখত।
৪৪ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আরও বলেন, কোনো ধরনের প্রমাণ ও যৌক্তিক কারণ ছাড়া এভাবে বিদেশি দলগুলো সফর বাতিল করার পর আমাদের ক্রিকেট বোর্ডের গভর্নিং বডিকে চুপ করে বসে থাকা উচিত নয়।
ক্রিকেট পাকিস্তান ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমরা যদি বড় ছবির দিকে তাকাই তাহলে অবশ্যই দেখব, একটি গোষ্ঠী তাদের এজেন্ডার বাস্তবায়নে পেছনে লেগে আছে। তোদের ভুয়া ইমেইলে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। ক্রিকেট খেলুড়ে বড় বড় দেশগুলোকে অবশ্যই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং নিজেদের সবকিছু জেনেশুনেই সিদ্ধান্ত নিতে হবে।
