Logo
Logo
×
   

Advertisement

খেলা

ঘটনাবহুল সেশনটাও নিজেদের করে নিল বাংলাদেশ

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

ঘটনাবহুল সেশনটাও নিজেদের করে নিল বাংলাদেশ

Advertisement

দ্বিতীয় দিন সকালে কত কিছু যে হলো! তবে ঘটনাবহুল এই সেশনে এত কিছুর পরেও লাগামটা হাতছাড়া হয়নি বাংলাদেশের। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস বাংলাদেশের পুঁজিটাকে আরও বড় রূপ দিচ্ছেন ক্রমেই। আগের দুই সেশনের মতো দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও নিজেদের করে নিল সফরকারীরা। মধ্যাহ্ন বিরতিতে গেছে ৪ উইকেটে ৩৮৩ রান তুলে। 

দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। ১৪২ রানে তিনি একবার ‘আউট’ হয়েও রক্ষা পেয়েছিলেন রিভিউ নিয়ে। তবে সেই তিনি আর ৬ রান যোগ করেই আউট হন আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ দিয়ে।

এরপর আর কোনো বিপদ হয়নি বাংলাদেশের। পঞ্চম উইকেট জুটিতে ইতোমধ্যেই উঠে গেছে ৭৪ রান। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ১৪১ রান নিয়ে। ওপাশে লিটন দাস খেলছেন বেশ আক্রমণাত্মক ক্রিকেট, ৫৭ বলে করে ফেলেছেন ৪৩ রান। তাদের ব্যাটে চড়েই দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 

তবে বিপদ কিন্তু একাধিকবার হতে পারত। লিটন দাসের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল মুশফিকের। ইনিংসের ১০৩তম ওভারে উইকেটের পেছনে বল ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন তিনি, তবে যতক্ষণে তিনি সিদ্ধান্ত থেকে সরে এলেন, ততক্ষণে লিটন প্রায় এপাশের ক্রিজে চলেও এসেছেন। তবে শ্রীলঙ্কার ভুল থ্রোতে রক্ষা পেয়ে যান লিটন।

সে যাত্রায় বেঁচে গিয়ে তিনি চড়াও হন লঙ্কান বোলারদের ওপর। প্রবাথ জয়াসুরিয়াকে হাঁকিয়েছেন ছক্কা, এছাড়াও চার মেরেছেন আরও ৪টি। ওপাশে মুশফিক অবশ্য বেশ রয়েসয়েই এগিয়েছেন। ১০৫ রান নিয়ে দিন শুরু করা তিনি আজ এখন পর্যন্ত করেছেন ৩৬ রান। দেড়শ থেকে ৯ রানের দূরত্বে আছেন এখন। 

তবে তিনিও বিদায় নিতে পারতেন এই সেশনেই। লিটন একটা ঝুঁকিপূর্ণ রান নিয়েছিলেন বল মিড অনে ঠেলে দিয়ে। সেটায় স্ট্রাইক এন্ডে দৌড়তে থাকা মুশফিক ছিলেন ঝুঁকিতে, থ্রোটা করতে গিয়ে ভজকট পাকায় লঙ্কানরা। তাতে রক্ষা পান মুশফিক। 

সব মিলিয়ে এই সেশনে বাংলাদেশ বিপদে পড়ার ঝুঁকিতে পড়ে গিয়েছিল। তবে ভাগ্যগুণে সেসব জায়গা থেকে ফিরে এসেছেন মুশফিক আর লিটন। আর সে কারণেই দ্বিতীয় দিনের প্রথম সেশনটা হয়ে গেল বাংলাদেশের।

Advertisement

শ্রীলঙ্কান ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম