‘শেন ওয়ার্ন’ হয়ে লিটনকে ফেরালেন রত্নায়েকে
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০২:৫৯ পিএম
৩ রান করেই ফিরতে হলো লিটনকে/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দিনের শুরুতে বাংলাদেশ রান তুলেছে বেশ শম্ভুকগতিতে। এরপর এসেছে বৃষ্টি। সেটা শেষে খেলাটা মাঠে ফিরল যখন, এরপর দলের লক্ষ্য ছিল দ্রুত রান তোলার। লিটন দাস সেটার ইঙ্গিত দিচ্ছিলেন।
তবে তার ইনিংসটা বড় হয়নি রত্নায়েকের অবিশ্বাস্য এক ডেলিভারিতে। এমনই এক ডেলিভারি, যা মনে করিয়ে দিল শেন ওয়ার্নের করা বল অফ দ্য সেঞ্চুরিকেও।
ইনিংসের ৭৭তম ওভারের শেষ বলে মুখোমুখি হয়েছিলেন লিটন। লেগ স্টাম্পের অনেক বাইরে পড়েছিল বলটা। সেখানে আবার ছিল রাফ, তাতে পড়ে বলটা বাঁক নিল অনেকখানি। লিটন বলটা ঠেকাতে চেয়েছিলেন। তবে পারলেন না। বলটা তার ব্যাটেরও বাইরে দিয়ে গিয়ে ভেঙে দিল তার অফ স্টাম্পের মাথা।
একই রকম দেখতে একটা বল ১৯৯৩ অ্যাশেজে করেছিলেন ওয়ার্ন। মাইক গ্যাটিংকে বোকা বানিয়ে আউট করা সে বলটা বনে গিয়েছিল শতাব্দীর সেরা বল। ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ার্ন সেদিন বল করছিলেন গ্যাটিংকে। লেগ স্টাম্পের বাইরের বলটা ডিফেন্ড করতে চেয়েছিলেন ইংলিশ ব্যাটার। বলটা তো তার ব্যাট ছোঁয়ইনি, গিয়ে ভেঙে দেয় তার অফ স্টাম্পও। সেই একই রকম বলে লিটনকে উইকেট খোয়াতে হলো আজ।
প্রথম ইনিংসে ৯০ রানের এক ইনিংস খেলেছিলেন লিটন। এরপর আজও তার ওপর অনেক আশা ছিল দলের। তবে অবিশ্বাস্য এক বলের শিকার বনে সেটা আর হলো না তার।
