৫৭ মিনিটে খেলা শেষ, ১১৪ বছর পর ফাইনালে দেখা গেল ‘ডাবল বেগেল’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:৪৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ইগা শোয়ানটেক উইম্বলডনের ফাইনালে এমন এক কীর্তি গড়েছেন, যা আধুনিক টেনিসে কল্পনাও করতে পারে না কেউ। শনিবার মেয়েদের একক ফাইনালে মাত্র ৫৭ মিনিটে আমেরিকান প্রতিদ্বন্দ্বী আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ ব্যবধানে হারিয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতে নিয়েছেন পোলিশ তারকা।
ওপেন যুগে উইম্বলডনে ‘ডাবল বেগেল’ (৬-০, ৬-০) জয় এই প্রথম। আগেরবার এমন ঘটনা ঘটেছিল ১৯১১ সালে, যখন ডোরোথিয়া ল্যাম্বার্ট চেম্বার্স ফাইনালে ডোরা বুথবিকে একই ব্যবধানে হারান। ওপেন যুগে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে আর মাত্র একবার এমন জয় এসেছে—১৯৮৮ সালে ফ্রেঞ্চ ওপেনে স্টেফি গ্রাফ নাতাশা জেভেরেভকে হারিয়েছিলেন ৬-০, ৬-০ তে।
ফাইনালে এসেও একেবারেই ছন্দহীন ছিলেন আনিসিমোভা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা ২৩ বছর বয়সী এই আমেরিকান চাপ সামলাতে পারেননি। তিনি বলেন, ‘আমি মনে করি আমি একটু শকে ছিলাম। কিন্তু নিজেকে বলেছি, "আমি অবশ্যই এই অভিজ্ঞতা থেকে আরও শক্ত হয়ে ফিরব।" এটা সহজ কোনো অভিজ্ঞতা না, গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ০-০ ব্যবধানে হার মানা। তবে আমি এটাকে ইতিবাচকভাবেই দেখব এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে গ্রহণ করব।’
স্বাভাবিকভাবেই শোয়ানটেক ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি বললেন, ‘সত্যি বলতে, আমি কখনো স্বপ্নও দেখিনি উইম্বলডন জেতার। আমার মনে হতো এটা আমার থেকে অনেক দূরের কিছু। আমি আগেও গ্র্যান্ড স্ল্যাম জিতেছি, তাই নিজেকে অভিজ্ঞ মনে করি, কিন্তু এই শিরোপা নিয়ে কখনো আশা করিনি। আমার টিমকে ধন্যবাদ দিতে চাই, কারণ ওরাই আমাকে বিশ্বাস করেছে, এমনকি আমি নিজেও যেখানে সন্দিহান ছিলাম।’
এই জয়ে শোয়ানটেকের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা দাঁড়াল ছয়টিতে। এর মধ্যে চারটি ফ্রেঞ্চ ওপেন, একটি ইউএস ওপেন (২০২২), এবং এবার উইম্বলডন। ওপেন যুগে তিন ধরনের কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জেতা অষ্টম নারী হিসেবে নাম লেখালেন তিনি।
