Logo
Logo
×
   

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধান, ‘গণিতের নোবেল’ পেলেন দুই চীনা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম

শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধান, ‘গণিতের নোবেল’ পেলেন দুই চীনা

সংগৃহীত ছবি

Advertisement

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত পুরস্কার ফিল্ডস মেডেল প্রথমবারের মতো অর্জন করেছেন দুই চীনা গণিতবিদ। তাদের সঙ্গে এ সম্মান পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন পার্ডন এবং কানাডার জ্যাকব সিমারম্যান। বিজয়ী প্রত্যেকে ১৫ হাজার কানাডীয় ডলার (প্রায় ১০ হাজার ৫০০ মার্কিন ডলার) অর্থ পুরস্কার পেয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত সম্মেলনে এ পুরস্কার প্রদান করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির মধ্যেই গণিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হলো।

৩৫ বছর বয়সি চীনা গণিতবিদ হং ওয়াং এক শতাব্দীরও বেশি সময় ধরে অমীমাংসিত একটি সমস্যার সমাধানের জন্য ফিল্ডস মেডেল অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। ফিল্ডস মেডেল পাওয়া ইতিহাসে তিনি মাত্র তৃতীয় নারী।

সহকর্মী জশ জাহলের সঙ্গে মিলে হং ওয়াং ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়া উত্থাপিত একটি বিখ্যাত সমস্যার সমাধান করেন। সমস্যাটি ছিল—একটি পেন্সিলকে সম্পূর্ণ একবার ঘোরাতে গেলে সেটি সর্বনিম্ন কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে? তারা সমতলের পরিবর্তে ত্রিমাত্রিক স্থানে পেন্সিলের গতিপথ বিশ্লেষণ করে এর সমাধান দেন। গত বছর তাদের গবেষণা প্রকাশিত হয়।

বার্তা সংস্থা এএফপিকে হং ওয়াং বলেন, এ ধরনের সমস্যা বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রেও স্বাভাবিকভাবে দেখা যায়। এ কারণেই এটি গবেষকদের এত বেশি আকৃষ্ট করে। তিনি মূলত তরঙ্গের গতি ও হারমোনিক বিশ্লেষণ নিয়ে গবেষণা করেন।

এদিকে ৩৭ বছর বয়সি চীনা গণিতবিদ ও ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক ইউ দেং আরেকটি শতবর্ষের পুরোনো গাণিতিক সমস্যার সমাধানের জন্য এ পুরস্কার পেয়েছেন।

১৯০০ সালে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট ‘হিলবার্টের ষষ্ঠ সমস্যা’ উত্থাপন করেন। এতে অসংখ্য ক্ষুদ্র কণার গতিবিধি থেকে একটি সামগ্রিক ব্যবস্থার আচরণ কীভাবে নির্ণয় করা যায়, সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছিল। ইউ দেং গ্যাসের কণার আচরণ বিশ্লেষণের মাধ্যমে এ সমস্যার সমাধান করেন।

পুরস্কার পাওয়ার পর ইউ দেং বলেন, যেসব কিংবদন্তি গণিতবিদকে আমি সবসময় শ্রদ্ধা করেছি, তাদের তালিকায় নিজের নাম যুক্ত হওয়া সত্যিই বিরাট সম্মানের।

উল্লেখ্য, ৪০ বছরের কম বয়সি অসাধারণ গণিতবিদদের প্রতি চার বছর পরপর ফিল্ডস মেডেল প্রদান করা হয়। এটি গণিতে নোবেল পুরস্কারের সমতুল্য সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত।

সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম