Logo
Logo
×
   

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

গুগল যেভাবে ইউজারের কাছে এত দ্রুত তথ্য দেয়

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

গুগল যেভাবে ইউজারের কাছে এত দ্রুত তথ্য দেয়

বর্তমান সময়ে যে কোনো তথ্যের প্রয়োজন হলেই অধিকাংশ মানুষ ভরসা করেন গুগল-এর উপর। অজানা কোনও প্রশ্নের উত্তর খোঁজা থেকে শুরু করে অপরিচিত কোনও জায়গার ঠিকানা বা পথের সন্ধান—মুহূর্তের মধ্যেই নানা তথ্য সামনে হাজির করে গুগল।

কিন্তু এত দ্রুত কীভাবে কোনও প্রশ্নের উত্তর খুঁজে বের করে এই সার্চ ইঞ্জিন? এর নেপথ্যে রয়েছে একটি নির্দিষ্ট ও অত্যন্ত উন্নত প্রক্রিয়া।

অনেকেরই মনে প্রশ্ন থাকে, গুগলের কাছে কি আগে থেকেই সব প্রশ্নের উত্তর মজুত থাকে? আসলে বিষয়টি তেমন নয়। ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন ওয়েবসাইটে তথ্য ও উত্তর থাকে। কোনো ব্যবহারকারী কিছু সার্চ করলে গুগল সেই বিশাল তথ্যভান্ডার থেকে প্রাসঙ্গিক ওয়েবসাইট খুঁজে বের করে এবং সেগুলি সার্চ রেজ়াল্টে দেখায়।

কিন্তু কোন ওয়েবসাইটে নির্দিষ্ট তথ্য রয়েছে, তা কীভাবে শনাক্ত করে গুগল? এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুগলের বিভিন্ন অ্যালগরিদম এবং প্রযুক্তি। মূলত তিনটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে এই কাজ সম্পন্ন হয়—Crawling, Indexing এবং Serving Search Results।

Crawling

প্রথম ধাপ হল Crawling। সহজভাবে বলতে গেলে, গুগলের বিশেষ সফটওয়্যার বা ওয়েব ক্রলার ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবপেজ ঘুরে ঘুরে সেখানকার তথ্য সংগ্রহ করে। নতুন কোনও ওয়েবপেজ তৈরি হলে বা কোনো পুরনো ওয়েবপেজে পরিবর্তন হলে, ক্রলার সেই তথ্যও শনাক্ত করতে পারে।

ব্যবহারকারী যখন কোনো বিষয় নিয়ে সার্চ করেন, তখন সেই প্রশ্ন বা শব্দের সঙ্গে সম্পর্কিত তথ্য আগে থেকেই গুগলের সংগ্রহ করা ওয়েবপেজগুলোর মধ্যে রয়েছে কি না, তা খুঁজে দেখা হয়।

Indexing

এরপর আসে Indexing-এর পালা। কোটি কোটি ওয়েবপেজ থেকে পাওয়া তথ্যকে গুগল বিভিন্নভাবে সংগঠিত ও সংরক্ষণ করে, যাতে প্রয়োজনের সময় দ্রুত সেখান থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করা যায়।

ব্যবহারকারী শুধু একটি শব্দ সার্চ করলেই গুগল সেই শব্দ থাকা প্রতিটি ওয়েবসাইট সামনে নিয়ে আসে না। বরং সার্চের অর্থ, ব্যবহারকারীর উদ্দেশ্য এবং ওয়েবপেজের বিষয়বস্তু বিশ্লেষণ করে কোন পেজগুলো সবচেয়ে প্রাসঙ্গিক, তা নির্ধারণ করা হয়। ওয়েবসাইটের তথ্যের মান, বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা, নির্ভরযোগ্যতা এবং আরও নানা বিষয়ও এই প্রক্রিয়ায় বিবেচনা করা হতে পারে।

Serving Search Results

সবশেষে আসে Serving Search Results। Crawling এবং Indexing-এর মাধ্যমে সংগ্রহ ও সংগঠিত করা বিপুল তথ্যের মধ্যে থেকে ব্যবহারকারীর প্রশ্নের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত ফলাফল বেছে নিয়ে সার্চ রেজ়াল্ট পেজে দেখানো হয়।

অর্থাৎ, কোনো ব্যবহারকারী যখন গুগলকে প্রশ্ন করেন, তখন গুগল নতুন করে পুরো ইন্টারনেট ঘেঁটে প্রতিটি ওয়েবসাইট পরীক্ষা করে উত্তর খোঁজে না। বরং আগে থেকে সংগৃহীত ও বিশ্লেষণ করা তথ্যের বিশাল ভান্ডার থেকে অ্যালগরিদমের সাহায্যে প্রাসঙ্গিক ফলাফল বেছে নেয়।

তবে এই পুরো প্রক্রিয়া সবসময় একই রকম থাকে না। গুগল নিয়মিত তার সার্চ অ্যালগরিদম ও প্রযুক্তিতে পরিবর্তন এবং উন্নতি করে। ব্যবহারকারীদের আরও নির্ভুল ও প্রাসঙ্গিক ফলাফল দেওয়ার জন্য সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রযুক্তি ও এআইভিত্তিক পদ্ধতিও যুক্ত হচ্ছে। ফলে গুগলে সার্চ করার অভিজ্ঞতা এবং ফলাফল বাছাইয়ের পদ্ধতিও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম