যে দুই দেশ থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিল উবার
আইটি ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মোট কর্মীর ১০ শতাংশ বা ৩,৩০০ কর্মী ছাঁটাই এবং নাইজেরিয়া ও উগান্ডায় নিজেদের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে জনপ্রিয় রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার। বুধবার (০২ সেপ্টেম্বর) প্রকাশিত এই ঘোষণাটি কোভিড-১৯ মহামারির পর থেকে কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় কর্মী ছাটাইয়ের ঘটনা।
কর্মীদের কাছে পাঠানো এক স্মারকলিপিতে উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোশাহি জানান, কোম্পানির ব্যবস্থাপনার স্তর কমিয়ে আনা, দলগত কাঠামো সহজ করা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ভবিষ্যৎ গড়ার লক্ষ্যের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আল জাজিরার এক অনুসন্ধানের জবাবে উবার নিশ্চিত করেছে যে, আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া এবং উগান্ডা থেকে তাদের কার্যক্রম সম্পূর্ণ গুটিয়ে নেওয়া হয়েছে। তবে কোম্পানিটির একজন মুখপাত্র স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত কেবল এই দুটি দেশের জন্যই প্রযোজ্য এবং মহাদেশটির অন্যান্য দেশের কার্যক্রমে এর কোনো প্রভাব পড়বে না।
পাশাপাশি, কোম্পানিটির নতুন নীতি অনুযায়ী এখন থেকে মাত্র ১ শতাংশ কর্মী দূর থেকে কাজ করার সুযোগ পাবেন এবং বাকি সবাইকে বাধ্যতামূলকভাবে অফিসে ফিরে কাজ করতে হবে।
এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে গত মাসেই গ্রাহকসেবা বিভাগের ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল উবার এবং মে মাসে নিয়োগের গতিও কমিয়ে দেওয়া হয়েছিল।
এ ছাড়া টেসলা ও ওয়েমোর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টিকে থাকতে এবং রোবোট্যাক্সি খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার অংশ হিসেবেও এই পুনর্গঠন করা হচ্ছে বলে জানা যায়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উবারের রাজস্ব বৃদ্ধি পেলেও, ওয়াল স্ট্রিটে কোম্পানিটির শেয়ারের গতি বর্তমানে বেশ মন্থর রয়েছে।

