গ্যাস-বিদ্যুৎ ছাড়াই রান্নার অভিনব পদ্ধতি উদ্ভাবন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গ্যাস বা বিদ্যুৎ ছাড়াই খাবার রান্নার একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন ক্যামেরুনের এক পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী। বিশেষ কাপড় ও মোটা তাপ-নিরোধক উপাদান দিয়ে তৈরি এই রান্নার ব্যাগে দীর্ঘ সময় খাবার গরম রেখে ধীরে ধীরে রান্না করা যায়। ব্যাগটি ওয়ান্ডারব্যাগ নামে পরিচিত।
ব্যাগটি অনেকটা ধীরগতির রান্নার পাত্রের (স্লো কুকার) মতো কাজ করে। রান্নার জন্য প্রথমে গ্যাসের চুলা বা কাঠের জ্বালানিতে একটি পাত্রে খাবার ৫ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিতে হয়। খাবার ফুটতে শুরু করলে ঢাকনাসহ পাত্রটি চুলা থেকে নামিয়ে ব্যাগের ভেতরে রাখতে হয়। এরপর ব্যাগটি ভালোভাবে বন্ধ করে দিতে হয়।
ব্যাগের তাপ-নিরোধক উপাদান পাত্রের ভেতরের তাপ বাইরে বের হতে বাধা দেয়। ফলে জমে থাকা তাপে খাবার ধীরে ধীরে রান্না হতে থাকে। এভাবে গ্যাস বা বিদ্যুৎ ছাড়াই ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত খাবার রান্না করা সম্ভব।
এই পদ্ধতিতে ভাত, ডাল ও মাংস রান্না করা যায়। ক্যামেরুনে পদার্থবিজ্ঞান পড়ুয়া ওই শিক্ষার্থী নিজ হাতে রান্নার ব্যাগটি তৈরি করেছেন। এটি ব্যবহারে জ্বালানি খরচ সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
রান্নায় জ্বালানির ব্যবহার কমার পাশাপাশি এ পদ্ধতি গাছ কাটার পরিমাণ কমাতেও সহায়তা করতে পারে। একই সঙ্গে রান্নার ধোঁয়া থেকে মানুষের স্বাস্থ্যঝুঁকিও কমে। ক্যামেরুনের বিভিন্ন বাজারে এ ধরনের ২ হাজারের বেশি ব্যাগ ইতোমধ্যে বিক্রি হয়েছে।
সূত্র: সামা টিভি
