রোবটের সঙ্গে তুমুল লড়াই, লাথিতে কুপোকাত মানুষ (ভিডিও)
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি: ভিডিওর স্ক্রিনশট
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি লড়াইয়ের রিংয়ে নেমেছিল ছয় ফুট লম্বা একটি মানবাকৃতির রোবট (হিউম্যানয়েড)।আর তার মুখোমুখি দাঁড়িয়েছিলেন রক্তমাংসের একজন মানুষ। এমন এক অদ্ভুত ও বিরল লড়াইয়ের ভিডিও সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় দারুণ আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক রোবোটিক্স প্রতিষ্ঠান ‘আরইকে এই প্রতিযোগিতার আয়োজন করে। মূলত একটি ভার্চ্যুয়াল রিয়েলিটি কমব্যাট গেমের অংশ হিসেবে এই লড়াইয়ের আয়োজন করা হয়, যেখানে মানুষ দূর থেকে (রিমোট কন্ট্রোল) হিউম্যানয়েড রোবট নিয়ন্ত্রণ করে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, একটি খাঁচার (ফাইটিং কেজ) ভেতর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর ফ্র্যাঙ্কি লাপেন্না মুখোমুখি হয়েছেন রিমোট দিয়ে নিয়ন্ত্রিত সেই রোবটটির।
ভবিষ্যৎ প্রযুক্তির কমব্যাট মেশিনের মতো করে তৈরি করা এই রোবটটিকে লড়াই শুরুর আগে রিংয়ের ভেতর নড়াচড়া ও ওয়ার্ম-আপ করতে দেখা যায়। লড়াই শুরু হতেই লাপেন্না রোবটটিকে লক্ষ্য করে একের পর এক পাঞ্চ ছুড়তে থাকেন। জবাবে রোবটটিও পালটা পাঞ্চ ও বেশ কয়েকটি জোরালো কিক মারে। রোবটের লাথিতে লাপেন্নাকে বেশ কয়েকবার খাঁচার অন্যদিকে ছিটকে পড়তে দেখা যায়, যা মেশিনটির শক্তি ও দ্রুত আঘাত হানার সক্ষমতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
আরইকে এই আয়োজনকে ‘মানুষ বনাম হিউম্যানয়েড রোবট’-এর প্রথম লড়াই বলে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই লড়াইয়ের আরও ফুটেজ তারা প্রকাশ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘আমরা এইমাত্র মানুষ বনাম টার্মিনেটর রোবটের প্রথম লড়াইয়ের মাধ্যমে এক নতুন ইতিহাস তৈরি করলাম। ফ্র্যাঙ্কি লাপেন্না তার সেরা চেষ্টাটাই করেছেন।’
এমন অদ্ভুত লড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত নজর কেড়েছে। ব্যবহারকারীদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন—ভবিষ্যতে কি মানুষের নিয়ন্ত্রণে থাকা রোবটগুলো পেশাদার মারামারি বা কমব্যাট স্পোর্টসের নিয়মিত অংশ হয়ে উঠবে?
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, আমি কৌতূহলী যে একজন পেশাদার ফাইটার এই রোবটের বিরুদ্ধে কেমন করবে। আমার মনে হয় পেশাদার কোনো ফাইটার এর চেয়ে অনেক ভালো করবে।’ আরেকজন লিখেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে ইউএফসি (UFC)-তে মানুষ ও রোবটের লড়াই নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়াবে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া উন্মাদনা অন্তত সেই চাহিদাই তৈরি করছে।’
মানবাকৃতির কোনো রোবটের এমন আগ্রাসী আচরণের ভিডিও এবং তার সঙ্গে কাল্পনিক ‘টার্মিনেটর’-এর তুলনা এই প্রথম নয়। এর আগেও একটি ইলেকট্রনিক্স দোকানে গ্রাহক ধাক্কা দেওয়ার পর একটি হিউম্যানয়েড রোবটের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, এক ব্যক্তি ধাক্কা দিলে রোবটটি তার দিকে তেড়ে যায় এবং লাথি মারার চেষ্টা করে। পরে কর্মীরা এসে রোবটটি বন্ধ করে পরিস্থিতি সামাল দেন।
We just made history with the first Human VS Terminator robot fight.
Frankie LaPenna gave it his all 🥊 More fight footage coming soon! https://t.co/iADpv9d8Wg
