Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

সংসদে মুজিবুল হক চুন্নু

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো অসহনীয়

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো অসহনীয়

Advertisement

রোজা সামনে রেখে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো অসহনীয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জনগণ অনেক আশা করে মাত্র এক মাস আগে নির্বাচিত করল, আর সেই সরকার এইভাবে যদি জনগণের ওপর জগদ্দল পাথরের মতো রোজার মাস সামনে রেখে বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ায়, এটা অসহনীয়। 

আমি আমাদের দলের পক্ষ থেকে সরকারকে বিনীত অনুরোধ করব, গ্যাস ও বিদ্যুতের দাম এই মুহূর্তে বৃদ্ধি করবেন না। সরকার একটা স্থিতিশীলতায় আসুক, দেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থায় আসুক, অর্থনীতি একটা স্বাভাবিক অবস্থায় আসুক তখন চিন্তা করেন, এখন চিন্তটা বাদ দেন। এই মূল্যবৃদ্ধিটা প্রত্যাহার করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখছি।

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুজিবুল হক চুন্নু এ দাবি জানান। এ সময় তিনি বলেন, আজকেই দেখলাম সরকার বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৪০ থেকে ৭০ পয়সা বাড়িয়েছে এবং গ্যাসের দামও বাড়িয়েছে। কারণটা বলেছে যে ডলারের ডি-ভ্যালুয়েশন এবং ভর্তুকি কমানো। বৃদ্ধির কথাটাও সরকার বলে সমন্বয় করা। কিন্তু আসলে তো মূল্যবৃদ্ধি।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, গ্যাসের দাম বৃদ্ধি করেছেন। নারায়ণগঞ্জ এবং গাজীপুরে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি গ্যাস নির্ভর। সেসব ফ্যাক্টরিতে গ্যাস দিতেও পারছে না সার্বক্ষণিক। সেখানে কোনো দিন গ্যাস দেয়, কোনো দিন দিতে পারে না। এমনিতেই ব্যবসায়ীদের লস, উৎপাদন কমে যাচ্ছে, সেখানে আবারও গ্যাসের দাম বৃদ্ধি করেছেন। 

তিনি বলেন, আমরা জানি না বিদ্যুতের প্রতি ইউনিট সরকারের উৎপাদন বা কিনতে কত খরচ হয় গড়ে। কিন্তু সব সময় বলে আসছে যে, হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, সেই ভর্তুকি কমাতে হবে। আগামী ৩ বছরের মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার ভর্তুকি কমাবেন। কিন্তু কীভাবে কমাবেন? জনগণ নিষ্পেষিত বাজারে যেতে পারছে না, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুতের দাম বাড়া মানে এর সঙ্গে অনেক জিনিসপত্রের দাম বৃদ্ধি হবে। কারণ বিদ্যুৎ দিয়ে আমরা অনেক পণ্য উৎপাদন করি, সেই পণ্যগুলোর দাম বৃদ্ধি পাবে।
 

Advertisement

চুন্নু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম