Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

সড়কে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা: নতুন আইন দ্রুত কার্যকর করুন

Advertisement

Icon

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সড়কে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা: নতুন আইন দ্রুত কার্যকর করুন

Advertisement

রাজধানীসহ সারা দেশে সড়কে চাঁদাবাজি, অনিয়ম-দুর্নীতি ও বিশৃঙ্খলা তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি কত ভয়াবহ আকার ধারণ করেছে তা বোঝা যায় সড়কে চাকা ঘুরলেই চাঁদা দিতে হয়, এ তথ্য থেকে। বস্তুত, গাড়ি রাস্তায় নামানোর উদ্যোগ নিলেই চাঁদাবাজির মুখে পড়া শুরু হয়। পরিবহন শ্রমিক সমিতি, মালিক সমিতি, বিভিন্ন টার্মিনালের মাসোহারা আদায়কারী, এমনকি পুলিশের কিছু অসাধু কর্মকর্তা এবং কিছু রাজনীতিকের নামে চাঁদাবাজি শুরু হয়ে যায়। পরিবহন খাতের চাঁদাবাজরা এতই বেপরোয়া যে, বর্তমানে চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের মাঝেও থেমে নেই তাদের চাঁদাবাজি। রাজধানীর চারটি টার্মিনাল, বিভিন্ন পয়েন্ট থেকে দৈনিক দুই কোটি টাকা করে মাসে অন্তত ৬০ কোটি টাকা চাঁদা আদায় করা হয় গণপরিবহনগুলো থেকে।

গণপরিবহনে চাঁদাবাজিকেন্দ্রিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় খুনোখুনির ঘটনাও ঘটে থাকে। বর্তমানে চলমান শুদ্ধি অভিযানে দু’একজন পরিবহন খাত সংক্রান্ত নেতা গ্রেফতার হওয়ার পর তাদের জায়গায় চাঁদা আদায় নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের খবর শোনা যাচ্ছে। গণপরিবহনে নানা বিশৃঙ্খলা ও চাঁদাবাজির কারণে বাড়তি ভাড়া আদায়, এমনকি অতিরিক্ত আয়ের জন্য প্রতিযোগিতা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, পঙ্গুত্ববরণ ও সম্পদহানি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরানো, চাঁদাবাজি ও মানুষকে জিম্মি করার মতো ন্যক্কারজনক ঘটনা বন্ধে আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই।

আশার কথা, বিলম্বে হলেও সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকরের উদ্যোগ নিয়েছে সরকার। ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর করতে সড়কে অভিযান চালানোর কথা থাকলেও ট্রাফিক বিভাগের প্রস্তুতির অভাবে শুক্রবার থেকে আইনের প্রয়োগে বিলম্ব হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত ও শিশু-কিশোরদের আন্দোলনের ফসল সড়ক নিরাপত্তা আইনের প্রয়োগ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে দেশের মানুষের স্বার্থে। একইসঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য প্রধানমন্ত্রীর ছয় দফা নির্দেশনাও বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কার্যকর ফল পাওয়া কঠিন হবে। নতুন আইনটি সম্পর্কে সচেতনতাও তৈরি করতে হবে। গণপরিবহনের মালিক-শ্রমিক ও সাধারণ মানুষ সচেতন না হলে সুশৃঙ্খল সড়ক নিশ্চিত করা সম্ভব হবে না। সড়কে চাঁদাবাজি, অনিয়ম-দুর্নীতি বন্ধ এবং শৃঙ্খলা ফেরানোর জন্য সরকার দ্রুত প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বলে আমরা আশাবাদী।

Advertisement

সড়ক

Advertisement

আরও পড়ুন

বিদ্যুৎ খাতের নতুন সংকট

বিদ্যুৎ খাতের নতুন সংকট

বিদেশের মাটিতে অসদাচরণ

বিদেশের মাটিতে অসদাচরণ

প্রধানমন্ত্রীর কঠোর বার্তা

প্রধানমন্ত্রীর কঠোর বার্তা

এলপিজি সংকট

এলপিজি সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম