Logo
Logo
×
   

Advertisement

সম্পাদকীয়

কারাগারের অনিয়ম-দুর্নীতি

তদন্ত কমিটির সুপারিশ আমলে নিন

Advertisement

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কারাগারের অনিয়ম-দুর্নীতি

Advertisement

কারা অনুবিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি কুষ্টিয়া জেলা কারাগারে বিরাজমান অনিয়ম ও দুর্নীতি রোধে যে ১৯ দফা সুপারিশ পেশ করেছিল, তার অধিকাংশই বাস্তবায়িত না হওয়ার বিষয়টি অনাকাক্সিক্ষত। এর ফলে দুর্নীতিবাজ চক্র শুধু পারই পাবে না; উপরন্তু দ্বিগুণ উদ্যমে দুর্নীতি করবে, যা মোটেই কাম্য নয়। দেশের কারাগারগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে যে কোনো উপায়ে। তা না হলে কারাগারগুলোয় যে সংকট ও নৈরাজ্য সৃষ্টি হবে, তা সামাল দেওয়া কঠিন হতে পারে। তবে শুধু কারাগার নয়; অন্যান্য প্রতিষ্ঠানকেও দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করা জরুরি।

দেশের বিভিন্ন কারাগারে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ‘নাটের গুরু’দের চিহ্নিত করা খুব কঠিন কাজ নয়। চিহ্নিত করার পর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সেখানে দুর্র্নীতির ব্যাপকতা অনেকাংশে হ্রাস পাবে, এতে কোনো সন্দেহ নেই। ঢাকা কেন্দ্রীয় কারাগার ও দেশের অন্য কারাগারগুলোয় বিচারাধীন কয়েদিরা কারা কর্তৃপক্ষের সংস্পর্শে এসে নীতি-নৈতিকতা ও আদর্শের চর্চা করে সংশোধিত হওয়ার পথ বেছে নেবে, এটাই প্রত্যাশিত।

অথচ বাস্তবে কারাগারগুলোয় এর সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি বিরাজমান। একদিকে কারাগারে আগত নতুন বন্দিদের নিলামে বিক্রি, টাকার বিনিময়ে বন্দির সঙ্গে স্বজনদের সাক্ষাৎ পাইয়ে দেওয়া, জামিনপ্রাপ্ত বা সাজা খেটে বের হওয়া বন্দিদের কারা ফটকে পুনরায় গ্রেফতারের হুমকি, কারাগারের ক্যান্টিন ব্যবসার নিয়ন্ত্রণ, কারা হাসপাতালে অসুস্থ হিসাবে বন্দিদের সুবিধা পাইয়ে দেওয়ার পাশাপাশি বন্দিদের নিম্নমানের খাবার সরবরাহের সুযোগ দিয়ে ঠিকাদারের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হওয়া; অন্যদিকে নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে প্রচুর টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এসব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

বলা হয়ে থাকে, কারাগার হলো সংশোধনাগার। সেখান থেকে অনেক কিছু শেখা যায়। তবে ‘রাখিব নিরাপদ-দেখাব আলোর পথ’ শীর্ষক অঙ্গীকার কারাফটকে লিখে রাখা হলেও বাস্তব অবস্থার সঙ্গে এর রয়েছে বিস্তর ব্যবধান। কারাগারের অভ্যন্তরে চলমান দুর্নীতি ও অনিয়মের ঘূর্ণাবর্তে বন্দিরা কতটা অসহায়, কতটা স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তহীনতায় ভুগছে-ইতঃপূর্বেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তা প্রকাশ পেয়েছে। তারপরও এসব অনিয়ম-দুর্নীতি রোধে নেওয়া হয়নি পদক্ষেপ। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা কারাগার ও দেশের অন্যান্য কারাগার দুর্নীতিমুক্ত করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।

Advertisement

কারাগার অনিয়ম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম