Logo
Logo
×
   

শেষ পাতা

লাকসামে আমের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ

গোয়ালন্দে গৃহবধূ, কুলাউড়ায় তরুণী, দামুড়হুদায় প্রতিবন্ধী, মধুপুরে বৃদ্ধা ও নান্দাইলে গৃহবধূ ধর্ষণের শিকার * বরিশালে হোটেলে আটকে রেখে ধর্ষণের ঘটনায় পুলিশ সদস্য কারাগারে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লাকসামে আমের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ

কুমিল্লার লাকসামে আম দেয়ার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দে গৃহবধূ, মৌলভীবাজারের কুলাউড়ায় তরুণী, চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবন্ধী, টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধা ও ময়মনসিংহের নান্দাইলে গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।

বরিশালে হোটেলে আটকে রেখে ধর্ষণের ঘটনায় পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদনে অসঙ্গতিপূর্ণ তথ্য দেয়ায় সিভিল সার্জনসহ দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার

নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বরগুনার আমতলী ও রংপুরের গঙ্গাচড়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঢাকার সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

লাকসাম (কুমিল্লা) : স্কুলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ১৪ মে আম দেয়ার লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযোগ করলে রাতেই অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও ঠাকুরপাড়ার মনসুর আলীর ছেলে। বুধবার তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। বর্তমানে ওই ছাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মোহন শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর গ্রামের আবদুল করিম শেখের ছেলে।

এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন। শনিবার ধর্ষণের ঘটনাটি ঘটে।

কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে মঙ্গলবার বেড়ানোর নামে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কথিত প্রেমিক কামাল মিয়াকে আটক করেছে পুলিশ।

কামাল উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের সিকান্দর আলীর ছেলে।

এ ঘটনায় বুধবার ওই কিশোরী বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেছেন।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : শারীরিক প্রতিবন্ধী এক মেয়েকে দু’জন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আকাশকে আটক করেছে পুলিশ। সে উজিরপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। পলাতক রয়েছে একই গ্রামের ওমর আলীর ছেলে আলামিন। মঙ্গলবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মধুপুর (টাঙ্গাইল) : মধুপুর উপজেলায় শতাধিকবর্ষী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সোহেল নামের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার ওই বৃদ্ধার মেয়ে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন। সোমবার উপজেলার বনাঞ্চলের ফুলবাগচালা ইউনিয়নের চাঁদপুরে এ ঘটনা ঘটে।

বরিশাল ও উজিরপুর : ধর্ষণের অভিযোগে আরআরএফ পুলিশ সদস্য শামিম হোসেন সাগরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়ে দেন।

আদালত সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি ওই ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে আরআরএফের পুলিশ কনস্টেবল শামিম হোসেন সাগরের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার নারী।

ওই নারী আদালতে বলেন, ২০১৭ সালের ২০ এপ্রিল পুলিশ কনস্টেবল পদে ভর্তি হতে গেলে শামিমের সঙ্গে তার পরিচয় হয়। শামিম তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ে করবে বলে ওয়াদা করেন। মোবাইল ফোনে যোগাযোগ করে একই সালের ৩০ এপ্রিল তাকে নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে একটি আবাসিক হোটেলে যান। ছদ্ম নাম দিয়ে রুম ভাড়া নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কয়েকবার ধর্ষণ করেন।

রাঙ্গাবালী (পটুয়াখালী) : রাঙ্গাবালী উপজেলায় কিশোরী সীমা আক্তারকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনে অসঙ্গতিপূর্ণ তথ্য দেয়া হয়েছে। এতে পটুয়াখালী সিভিল সার্জন ডা. শাহ মো. মোজাহিদুল ইসলাম ও মেডিকেল অফিসার রেজাউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানপূর্বক ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দিয়েছেন। তলব আদেশে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান ওই সিভিল সার্জন। আদালত ক্ষমার আবেদন নাকচ করে এ নির্দেশ দিয়েছেন।

এ সময় রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ উপস্থিত ছিলেন। গত বছরের ২৪ অক্টোবর রাঙ্গাবালীর সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে নিজ বাড়িতে গণধর্ষণের পর হত্যার শিকার হন সীমা আক্তার।

বরগুনা (দক্ষিণ) ও আমতলী : ধর্ষণ মামলার আসামি মিজান মোল্লাকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মিজান বরগুনা জেলার আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের নুর মোহাম্মদ মোল্লার ছেলে।

বুধবার সকালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোর্পদ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী ওই নারী জানান, আসামি মিজান মোল্লা তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ২০১৮ সালের ৩০ মে থেকে ২০১৯ সালের ২৬ মার্চ পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেছে।

ওই নারী আরও বলেন- ‘ধর্ষণের ফলে আমার পেটে ওর বাচ্চার খবর নিশ্চিত জেনে কৌশলে বিষাক্ত ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করে দিয়েছে। আমি এর বিচার চাই।’

নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইল উপজেলার বীরকামটখালী গ্রামে ধর্ষণের অভিযোগে আফতাব উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মঙ্গলবার মামলা হয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. নূরুল হুদা জানিয়েছেন, গৃহবধূকে মেডিকেল পরীক্ষা করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার আসামি আফতাব উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গঙ্গাচড়া (রংপুর) : গঙ্গাচড়ায় ধর্ষণের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। পরে ওই কিশোরীর গর্ভপাত করানোর অভিযোগে লেবু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গঙ্গাচড়া থানার পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে। সে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের চৌদ্দমাথা পাইকারটারী গ্রামের ফজলুল হকের ছেলে ও কাঠ ব্যবসায়ী।

গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান বলেন, লেবু মিয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণা করার অভিযোগ রয়েছে। মামলার অপর আসামি ইউপি সদস্য শরিফুল ও হামিদাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাভার : ঢাকার আশুলিয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে হিমেল মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে ওই স্কুলছাত্রীর পরিবার।

মঙ্গলবার সকালে আশুলিয়ার তৈয়বপুর রাজপাক এলাকার একটি নির্জন জঙ্গলে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত হিমেল মণ্ডল আশুলিয়ার দিয়াখালী গ্রামের ফজল মণ্ডলের ছেলে।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম