Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

একাদশে ভর্তি

দ্বিতীয় ধাপে মনোনীত আড়াই লাখ, কলেজ পায়নি ৪৬ হাজার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্বিতীয় ধাপে মনোনীত আড়াই লাখ, কলেজ পায়নি ৪৬ হাজার

একাদশ শ্রেণীতে ভর্তি

Advertisement

অনেক সময়ক্ষেপণের পর একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে সারা দেশে নতুন করে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে ৩৩ হাজার ৮৭৪ জনের কলেজ পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। তবে শুক্রবার সকালেও ওয়েবসাইটে ফল দেখতে অনেকে ঝক্কি পোহায়।

বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা সারা দেশে ১২ লাখ ২৬ হাজার ৬৭০ জন আবেদনকারীকে চিহ্নিত করা হয়। এর মধ্যে প্রথম দফায় ৯ লাখ ৩০ হাজার ৪৯২ জন ভর্তির জন্য কলেজ নিশ্চয়ন করেছে। দ্বিতীয় ধাপে নতুন করে ভর্তির জন্য মনোনীত হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৪৭ জন। অর্থাৎ, ১১ লাখ ৮০ হাজার ১৩৯ জন ভর্তি কার্যক্রমে আসল।

যদিও আবেদনকারীদের মধ্যে এখনও ৪৬ হাজার ৫৩১ জন ভর্তির জন্য মনোনীত হয়নি। অপরদিকে এবার এসএসসি ও সমমান পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। সেই হিসাবে ৩ লাখ ৪৯ হাজার ৪৩৪ জন ভর্তি কার্যক্রম পর্যায়েই ঝরে পড়ল।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশিদ বলেন, পাস করা বাকি শিক্ষার্থী ভর্তির আবেদন করেনি। এখনও এক দফা আবেদন নেয়া হবে। হয়তো তখন তারা আবেদন করবে। তিনি বলেন, আবেদন না করা শিক্ষার্থীরা ঝরে পড়েছে- এমন বলা যাবে না। কেননা, এরা কারিগরি শিক্ষায় ভিড়েছে কিনা, আমরা জানি না। পর্যালোচনা শেষে পরে এ ব্যাপারে বলা যাবে।

তিনি জানান, নির্বাচিতদের মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে। ২য় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে আজ ২৩ জুনের মধ্যে। নিশ্চয়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। তৃতীয় ধাপে তারা নতুন করে আবেদন করতে পারবে।

অধ্যাপক হারুন অর রশিদ আরও বলেন, আবেদনকারীদের মধ্যে এখনও ৪৬ হাজার ৫৩১ জন ভর্তির জন্য মনোনীত হয়নি। তারা নতুন করে তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। ২৪ জুন তৃতীয় পর্যায়ের আবেদন শুরু এবং পরদিন ২৫ জুন দ্বিতীয় মেধার মাইগ্রেশনের ফল ও তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তৃতীয় মেধার শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে ২৬ জুন। তিন পর্যায়ের মনোনীত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু ১ জুলাই থেকে। তবে বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত।

অধ্যাপক হারুন আরও বলেন, প্রথম ধাপে যারা ভর্তির জন্য মনোনীত হয়েছে এমন ৩৩ হাজর ৮৭৪ শিক্ষার্থীর অটোমেটিক মাইগ্রেশন হয়েছে। এসব প্রার্থীর নির্বাচিত কলেজের উপরের দিকে মাইগ্রেশন হয়েছে। দেশে ১৬ হাজার ২০৪টি কলেজে পর্যাপ্ত আসন রয়েছে। তাই ভর্তি থেকে কেউ বঞ্চিত হবে না বলেও তিনি জানান।

কলেজে ভর্তির ১ম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় ১০ জুন। প্রথম ধাপে ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জন ভর্তির জন্য নির্বাচিত হয়। আবেদনকারীদের ৯৪ শতাংশকে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেয়া হয়। প্রথম ধাপে প্রায় ৮১ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়।

Advertisement

একাদশ শ্রেণীতে ভর্তি ঢাকা শিক্ষা বোর্ড মাইগ্রেশন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম