আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি কানাডার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের পর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বিশ্বে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে কানাডা। এ লক্ষ্যে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করতে একটি আইন করেছে কানাডার পার্লামেন্ট।
বৃহস্পতিবার কানাডার হাউজ অব কমন্সে ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট’ পাশ করা হয় বলে অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাংলাদেশ হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই বিল পাশের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে। এটা বাংলাদেশি-কানাডিয়ানদের জন্য এবং সারা বিশ্বের মাতৃভাষাপ্রেমীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’
এতে বলা হয়, ‘এই শুভক্ষণে ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কোর এবং পরবর্তীতে জাতিসংঘের স্বীকৃতি আদায়ে মরহুম রফিকুল ইসলাম ও আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন হাউজ অব কমন্সের সদস্য কেন হার্ডি। এর ওপর আলোচনা ও পাশের সময় বিলটির সমর্থনকারী সেনেটর মবিনা এস জাফর এবং কানাডায় বাংলাদেশের হাই কমিশনার খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
এই বিলটি কানাডার পার্লামেন্টে নেওয়ার ক্ষেত্রে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির সভাপতি আমিনুল ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে জন্য তার প্রতিও হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়, ‘আমরা আমিনুল ইসলামের অবদানকে বিশেষভাবে স্মরণ করি, যিনি এক দশকের বেশি সময় ধরে বিলটি পাশের জন্য চেষ্টা চালিয়ে গেছেন। হাই কমিশনার খলিলুর রহমানও এই লক্ষ্য অর্জনে গত দুই বছর ধরে হাউজ অব কমন্স সদস্য ও সেনেটরদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন।’
