Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

১ জুলাই থেকে ৫ শতাংশ আর্থিক সুবিধা কর্মচারীদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১ জুলাই থেকে ৫ শতাংশ আর্থিক সুবিধা কর্মচারীদের

Advertisement

চলতি বছরের ১ জুলাই থেকে পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীরা। চাকরিরতদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও বিশেষ সুবিধার ৫ শতাংশ অর্থ পাবেন। অর্থ বিভাগের বাস্তবায়ন শাখা-১ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত এসব কর্মচারী ও পেনশনভোগী ব্যক্তিরা এ বিশেষ সুবিধা পাবেন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও এই ৫ শতাংশ হারে পাবেন। তবে এক হাজার টাকার কম নয়। চাকরিরত কর্মচারীরা ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে, তবে এক হাজার টাকার কম নয়, বিশেষ সুবিধা পাবেন। অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএল যাওয়ার পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে বিশেষ সুবিধা পাবেন। পুনঃস্থাপন করা পেনশনাররাসহ সরকার হতে পেনশন গ্রহণকারীরা প্রতি বছর ১ জুলাই প্রাপ্য নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে, তবে ৫০০ টাকার কম নয়, বিশেষ সুবিধা পাবেন। যেসব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০ শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে এমন চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন। সাময়িক বরখাস্ত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০ শতাংশের ওপর ৫ শতাংশ হারে এ বিশেষ সুবিধা পাবেন। বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এ বিশেষ সুবিধা পাবেন না। সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম